রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ১০(১) ধারা মোতাবেক তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে। যোগদানের দিন থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের শর্ত হিসেবে মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য সব ধরনের পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পুরোপুরি ত্যাগ করতে হবে। এছাড়া তার নিয়োগ সংক্রান্ত অন্যান্য আনুষঙ্গিক শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।






























