রাশিয়ার আমুর অঞ্চলে অবস্থিত ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স’ (এজিসিসি)-এ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং সাতজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মস্কোয় বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা যায়, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে অবস্থিত ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সটি চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সেখানে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা (টেস্টিং) চালানোর সময় হঠাৎ পাইপ ফেটে আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।
নিহত বাংলাদেশি নাগরিকের নাম জাকির হোসেন, যার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পরিবারের স্বচ্ছলতা ফেরানোর আশায় রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের মর্মান্তিক মৃত্যুতে তার স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর থেকেই রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দূতাবাস জানিয়েছে, হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্ত করা, আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং নিখোঁজদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।































