ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষারিয়ার চর ব্রিজ থেকে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার সকাল পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। সড়কের সংস্কারকাজের কারণে তৈরি হওয়া এই যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকেরা।
সড়ক বিভাগের তথ্যমতে, আষারিয়ার চর সেতুর ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার বেলা ১১টা থেকে সংস্কারকাজ শুরু হয়। কাজের সুবিধার্থে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়। এর ফলে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত বিস্তৃত হয়। শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ এক লেনে পার হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
দীর্ঘ যানজটে আটকে থাকা বাসযাত্রী শিহাব জানান, ঘণ্টার পর ঘণ্টা পার হলেও গাড়ি একই জায়গায় আটকে রয়েছে। অনেক যাত্রীই এই দীর্ঘ যানজটের কারণ সম্পর্কে অবগত নন। পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চালকদের ভাষ্যমতে, ব্রিজ এলাকায় পৌঁছালেই যানবাহনের গতি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, যার প্রভাবে পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে দাউদকান্দি মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় জানান, আষারিয়ার চর সেতু এলাকায় সড়ক সংস্কারের জন্য এক লেন বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়ক পুলিশ কাজ করছে। একই কথা জানিয়েছেন কাঁচপুর মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম। তিনি বলেন, সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।































