সংযুক্ত আরব আমিরাতের এভিয়েশন খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন ইতিহাদ এয়ারওয়েজের ক্যাপ্টেন হুদা আল মুসাল্লামি। তিনি দেশটির প্রথম আমিরাতি নারী পাইলট প্রশিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর মাধ্যমে তিনি ককপিটের দায়িত্ব পালনের পাশাপাশি নতুন প্রজন্মের পাইলটদের প্রশিক্ষণ ও যোগ্য করে তোলার গুরুদায়িত্ব গ্রহণ করেছেন।
হুদা আল মুসাল্লামির এই সাফল্য আমিরাতি নারীদের ক্রমবর্ধমান ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ২০০৩ সালে এভিয়েশন খাতে যাত্রা শুরু করা হুদা ২০১৪ সালে ইতিহাদ এয়ারওয়েজে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে তিনি ধাপে ধাপে এগিয়েছেন এবং ২০২৩ সালে ক্যাপ্টেন পদে উন্নীত হন। অবশেষে ২০২৬ সালে তিনি সার্টিফাইড পাইলট প্রশিক্ষক হিসেবে যোগ্যতা অর্জন করেন।
বর্তমানে তিনি বোয়িং ৭৮৭ বিমান চালনায় সনদপ্রাপ্ত এবং তার ঝুলিতে রয়েছে ১০ হাজারেরও বেশি ফ্লাইট আওয়ারের অভিজ্ঞতা। এর আগে তিনি এয়ারবাস এ৩৩০, এ৩৪০ এবং বোয়িং ৭৭৭ মডেলের বিমান পরিচালনার অভিজ্ঞতাও অর্জন করেছেন। পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি এভিয়েশন ম্যানেজমেন্টে স্নাতক এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইনফরমেশন সিস্টেমে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
নতুন এই প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের প্রথম কয়েক মাসেই তিনি বিভিন্ন জাতীয়তার এবং অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের প্রশিক্ষণ দিয়েছেন। হুদা আল মুসাল্লামি তার এই নতুন ভূমিকাকে কেবল পেশাগত দায়িত্ব নয়, বরং একটি জাতীয় কর্তব্য হিসেবে দেখছেন। দুই দশকের বেশি সময়ের অর্জিত অভিজ্ঞতা তিনি নতুনদের মাঝে ছড়িয়ে দিতে চান।
ইতিহাদ এয়ারওয়েজের চিফ হিউম্যান রিসোর্সেস, গভর্নমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল অ্যাফেয়ার্স অফিসার ড. নাদিয়া বাস্টাকি এই অর্জনকে মেধা, সংকল্প এবং সুযোগের সঠিক সমন্বয়ের ফসল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ক্যাপ্টেন হুদার এই সাফল্য আমিরাতি নারীদের অগ্রযাত্রায় নতুন পথ উন্মোচন করেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সেই ভিশনেরই প্রতিফলন, যা নারীদের বিভিন্ন ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করে।
বর্তমানে ইতিহাদ এয়ারওয়েজে কর্মরত আমিরাতি নাগরিকদের ৭৫ শতাংশই নারী। তারা প্রশাসনিক থেকে শুরু করে ককপিট এবং উচ্চপদস্থ সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশ্ব এভিয়েশনের অন্যতম কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান সুদৃঢ় করতে ইতিহাদ এয়ারওয়েজ স্থানীয় মেধাবীদের বিনিয়োগ এবং পরবর্তী প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্র: গালফ টুডে































