জামায়াতে ইসলামী বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শুক্রবার ২৮ আগস্ট নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি। রাশেদ খাঁন বলেন, তিনি আগেই জানিয়েছিলেন যে জামায়াত-এনসিপি ভবিষ্যতে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হয়েছে।
রাশেদ খাঁনের মতে, সেপ্টেম্বর-নভেম্বর লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নামবে। তিনি আরও বলেন, তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪-এর গণঅভ্যুত্থানে ১৪০০-এর অধিক শহীদ এবং ৩০,০০০ আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই নয়। তিনি দাবি করেন, ১৯৭১ সালে জামায়াত এর চেয়েও বেশি রক্ত ঝরিয়েছে, আর এ কারণেই জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়।
পোস্টের শেষে রাশেদ খাঁন লেখেন, বিগত ১৬ বছর জামায়াত আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাই আওয়ামী লীগ কেন তাদের সঙ্গে খারাপ আচরণ করবে? তিনি আরও অভিযোগ করেন যে, প্রতিদানস্বরূপ আওয়ামী লীগের অপরাধকে নরমালাইজ করতে তাহের সাহেবরা মাঠে নতুন বয়ান ছাড়ছেন এবং নাহিদ ইসলাম পাশে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছেন।




























