দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু দুষ্কৃতকারী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার হলরুমে স্থানীয় পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী যথাসময়ে সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ফরিদপুর অঞ্চলের মাটির গুণাগুণের প্রশংসা করে বলেন, এখানকার মাটির বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকার। ফলে দেশের অন্যান্য এলাকার তুলনায় এখানে কম সার ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব। এ কারণেই এই অঞ্চলে পেঁয়াজ ও পাটের চাষাবাদ অনেক ভালো হয়।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, পেঁয়াজ ও পাট বীজ উৎপাদনে দেশকে স্বাবলম্বী করে তুলতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
ফরিদপুর জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজ ও পাটচাষিরা উপস্থিত ছিলেন।






























