আগামী দিনের বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কোরআনের হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার রাজধানীর শ্যামলীর বাদশা ফয়সাল ইনস্টিটিউটে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’-এর মোহাম্মদপুর জোনের বাছাই পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "আমরা বাংলাদেশের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন চাই। আমরা চাই, কোরআনের আইনে এই বাংলাদেশ চলবে। এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।" তিনি তরুণ হাফেজদের কেবল মসজিদ-মাদ্রাসার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রের সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের আহ্বান জানান। তিনি আরও বলেন, "আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবেন আলেম-ওলামারা, কেউ তা ঠেকাতে পারবে না। আমরা চাই, আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহর দেওয়া কোরআনের বিধি-বিধানের আলোকে চলবে।"
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরে তিনি প্রতিযোগিতার তিন গ্রুপের নয়জন বিজয়ীকেই ওমরাহ করানোর ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়খ আবদুল হক। বিশেষ অতিথির বক্তব্যে সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, "আমরা যদি আমাদের সর্বত্র কোরআনের মাধ্যমে পরিচালিত করতে পারি, তাহলে সমাজে যে অনাচার রয়েছে, সেসব অনাচার থেকে আমরা মুক্তি পাব।"
ড. রেজাউল করিম আরও উল্লেখ করেন, মসজিদের শহর ঢাকা হলেও ইনসাফের অভাবে মানুষ জুলুমের শিকার হচ্ছে। আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হলে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। এছাড়া তিনি মোহাম্মদ সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ক্ষুদে হাফেজদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত প্রতিযোগীদের অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।































