আগামী সেপ্টেম্বর মাসের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমানের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে মোট দুই লাখ কর্মী দেশটিতে পাঠানো হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে। রাষ্ট্রদূত জানিয়েছেন, কর্মী পাঠানোর এই প্রক্রিয়া আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করা হবে। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন। নতুন কর্মী পাঠানোর পাশাপাশি সেখানে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
সূত্র: মানবজমিন





























