কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওপর অতিরিক্ত চাপ এড়াতে স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। এর ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান গেট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুরে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল, যা সন্ধ্যার পর বেড়ে ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএলে পৌঁছায়। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পানি দ্রুত সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের স্বাভাবিক কার্যক্রমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে। স্পিলওয়ের গেট দিয়ে আরও ৯ হাজার কিউসেক পানি যুক্ত হওয়ায় কর্ণফুলী নদীতে মোট পানিপ্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।
এ অবস্থায় কাপ্তাই, রাঙামাটি এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, হ্রদের পানি নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছালে নিয়মিত বিরতিতে স্পিলওয়ের গেট খুলে পানি নিষ্কাশন করা হয়। গত মাসেও হ্রদের পানি বেড়ে যাওয়ায় একইভাবে ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছিল।





























