জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ সংশোধিত আকারে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের এই কমিটির বৈঠকে বিল দুটি নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হয়।
বৈঠকে বিল দুটির বিভিন্ন ধারা, সংশ্লিষ্ট বিধান এবং এর বাস্তবায়ন সংক্রান্ত দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন কমিটির সদস্যরা। পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে বিল দুটি সংসদে পাসের জন্য সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমির বৈঠকে সভাপতিত্ব করেন।
এতে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানসহ এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সূত্র: মানবজমিন






























