মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদে তাঁর ছেড়ে দেওয়া চেয়ারে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে নতুন এই আসনবিন্যাস দেখা যায়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে সালাহউদ্দিন আহমদকে বসতে দেখে রাজনৈতিক মহলে তাঁকে সংসদের উপনেতা করা হচ্ছে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন আসনবিন্যাসকে সরাসরি উপনেতা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তবে প্রধানমন্ত্রীর পাশের গুরুত্বপূর্ণ এই আসনে তাঁকে বসানোকে অনেকেই ইঙ্গিতবহ বলে মনে করছেন। যদিও সালাহউদ্দিন আহমদকে সংসদের উপনেতা করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত এই পদের বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। এটি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার।
এত দিন সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসতেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তাঁর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। নতুন বিন্যাসে সালাহউদ্দিনের আগের আসনে বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া ট্রেজারি বেঞ্চের প্রথম সারির ১০টি আসনের নতুন বিন্যাসে পেছনের সারি থেকে সামনে এসেছেন স্থায়ী কমিটির নতুন সদস্য আমানউল্লাহ আমান।
আগের আসনবিন্যাসে ট্রেজারি বেঞ্চের প্রথম সারিতে প্রধানমন্ত্রীর পরের আসনে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার পরের আসনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চতুর্থ আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন বিন্যাসে মির্জা ফখরুলের আসনে উঠে এসেছেন সালাহউদ্দিন এবং তাঁর পরের আসনে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সালাহউদ্দিনের রাজনৈতিক ও সরকারি অবস্থানের কারণেও প্রধানমন্ত্রীর পাশের আসনে তাঁর বসার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দলের সম্ভাব্য মহাসচিব হিসেবেও আলোচনায় রয়েছেন। সংসদীয় কার্যক্রমে তাঁকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার কোনো পরিকল্পনা আছে কি না, তা আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমেই স্পষ্ট হবে।






























