আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে মর্যাদাপূর্ণ ‘ম্যাডস্টারস ২০২৬’ প্রতিযোগিতায় ‘এসডিজি’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতেছে ডিবিএল সিরামিকস-এর পরিবেশবান্ধব উদ্যোগ ‘টাইলচক’। গ্র্যান্ড প্রিক্স জয়ের পাশাপাশি এই উদ্ভাবনী প্রকল্পটি পিআর এবং ব্র্যান্ড এক্সপেরিয়েন্স অ্যান্ড অ্যাক্টিভেশন ক্যাটাগরিতে আরও দুটি ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
‘টাইলচক’ মূলত সিরামিক পণ্য উৎপাদনের সময় তৈরি হওয়া শিল্পবর্জ্য বা কাদাকে প্রক্রিয়াজাত করে তৈরি করা ক্লাসরুমের লেখার চক। শিল্পকারখানার এই বর্জ্যকে সামাজিক ও শিক্ষাক্ষেত্রের সম্পদে রূপান্তরের মাধ্যমে ডিবিএল সিরামিকস পরিবেশ সুরক্ষার পাশাপাশি একটি স্থায়ী পরিবর্তনের সুযোগ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি এই চক তৈরির সম্পূর্ণ পদ্ধতিটি ‘ওপেন সোর্স’ বা সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে অন্যরাও টেকসই উৎপাদনে উদ্বুদ্ধ হয়।
এই বৈশ্বিক অর্জনের বিষয়ে ডিবিএল সিরামিকস-এর চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার বলেন, ম্যাডস্টারস-এর এই স্বীকৃতি তাদের জন্য একটি বড় মাইলফলক। তিনি আরও বলেন, এই পুরস্কার তাদের পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের জন্য কাজ করে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। ইন্ডাস্ট্রির সমস্যাগুলোকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখলে যে কার্যকর সমাধান সম্ভব, ‘টাইলচক’ তা প্রমাণ করেছে।
উল্লেখ্য, ডিবিএল সিরামিকস ও পপ ফাইভ-এর যৌথ প্রচেষ্টায় তৈরি এই ‘টাইলচক’ এর আগেও অ্যাডফেস্ট, দ্য ওয়ান শো, অ্যাডফোরাম ফিনিক্স এবং স্পাইকস এশিয়ার মতো স্বনামধন্য আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে পুরস্কার অর্জন করেছে।






























