হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা ইরানের লারাক দ্বীপে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। রোববার চালানো এই হামলায় বেশ কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি নিশ্চিত করেছে। তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। এক মাসেরও বেশি সময়ের ব্যবধানে ইরানে এটি যুক্তরাষ্ট্রের প্রথম কোনো সামরিক হামলা।
মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছে, হরমুজ প্রণালিতে রকেটের মাধ্যমে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার বা উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। বিশ্বজুড়ে নৌ-পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটটি দীর্ঘ সময় ধরেই আঞ্চলিক উত্তেজনা ও কূটনৈতিক অস্থিরতার কেন্দ্রে রয়েছে।
এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র সরদার মোহেবি বলেছেন, যুক্তরাষ্ট্র একটি ‘কৌশলগত ও মারাত্মক’ ভুল করেছে। এর জন্য তাদের সামরিক ও অর্থনৈতিকভাবে চড়া মূল্য দিতে হবে। তিনি এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সতর্কবার্তায় বলেছিলেন, নতুন করে মাইন স্থাপনকারী যেকোনো নৌযান বা জাহাজকে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে ধ্বংস করা হবে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গত সপ্তাহে ওই আন্তর্জাতিক নৌপথ থেকে সামুদ্রিক মাইন অপসারণের কাজ সম্পন্ন করেছিল।
সূত্র: প্রথম আলো






























