কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানির সাথে ফোনালাপে অংশ নিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার পাশাপাশি তারা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন।
ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে যৌথ কূটনৈতিক তৎপরতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। কাতারের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, আঞ্চলিক শান্তি স্থাপনের যেকোনো গঠনমূলক কূটনৈতিক উদ্যোগকে দোহা সবসময় সমর্থন দিয়ে আসছে।
এছাড়া, সাগরে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। কাতার নিউজ এজেন্সির (QNA) তথ্য অনুযায়ী, এই আলোচনার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক সংকট নিরসনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা।
সূত্র: গালফ বাংলা




























