উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ছোট বোন এবং ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার কেন্দ্রীয় কমিটির জেনারেল অ্যাফেয়ার্স ডিরেক্টর কিম ইও জং এখন দেশটির বৈদেশীক কূটনৈতিক বার্তা প্রকাশের প্রধান মাধ্যম হয়ে উঠেছেন। জাপান, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে দেওয়া একাধিক গুরুত্বপূর্ণ ও কঠোর বিবৃতি এখন তাঁর নামেই প্রচারিত হচ্ছে। সম্প্রতি পিয়ংইয়াংয়ের পররাষ্ট্র বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সামরিক ও কূটনৈতিক বিষয়ের প্রতিক্রিয়াও কিম ইও জংয়ের বক্তব্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করা হচ্ছে।
চলতি বছরে কিম ইও জংয়ের নামে দেওয়া বার্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ৫ আগস্ট দেওয়া এক বিবৃতিতে তিনি জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির সমালোচনা করেন এবং টোকিও আগাম হামলার সক্ষমতা অর্জন করতে চাইছে বলে অভিযোগ এনে উত্তর কোরিয়ার পক্ষ থেকে স্পষ্ট সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। এরপর সেপ্টেম্বর মাসের ১৭ ও ১৯ তারিখের বিবৃতিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরমাণু নিরস্ত্রীকরণ দাবির তীব্র বিরোধিতা করে উত্তর কোরিয়াকে একটি অবিচল পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বহুপাক্ষিক সামরিক মহড়ারও কঠোর সমালোচনা করেন কিম ইও জং।
দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে কিম ইও জংয়ের বক্তব্যের ভাষা অত্যন্ত আক্রমণাত্মক ও আবেগভিত্তিক। গত ২১ সেপ্টেম্বর দুই কোরিয়ার সামরিক সীমানার ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও জাতিসংঘ কমান্ড এর জন্য উত্তর কোরিয়ার মাইনকে দায়ী করলে, ২৯ সেপ্টেম্বর কিম ইও জং একে সাজানো নাটক বলে উড়িয়ে দেন। পরবর্তীতে ২ অক্টোবর দক্ষিণ কোরিয়ার চিকিৎসা সামগ্রী দেওয়ার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া নামক গোষ্ঠীটির কথা ভাবলেই গা রি রি করে ওঠে। এর পরদিন ৯ অক্টোবর তিনি উত্তর কোরিয়া সরকারের একটি আনুষ্ঠানিক মূল্যায়ন ও অবস্থান প্রকাশ করেন, যা একজন দলীয় বিভাগীয় পরিচালকের জন্য এক ব্যতিক্রমী ঘটনা।
কিম ইও জংয়ের নামে প্রথম বিবৃতি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩ মার্চ। এরপর থেকে এখন পর্যন্ত ৮০টিরও বেশি বিবৃতি প্রকাশিত হয়েছে। ২০২০ সালের জুনে দুই কোরিয়ার যৌথ লিয়াজোঁ অফিস উড়িয়ে দেওয়ার ঘটনায় তাঁর বক্তব্য বিশ্বজুড়ে বিশেষ গুরুত্ব পায়। ১৩ জুনের বিবৃতিতে তিনি লিয়াজোঁ অফিস ধ্বংসের আগাম ঘোষণা দেন এবং ঠিক তিন দিন পর তা বাস্তবায়িত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্টি কংগ্রেসের নবম অধিবেশনে তিনি জেনারেল অ্যাফেয়ার্স ডিরেক্টর নিযুক্ত হন। তবে প্রশাসনিক পদের চেয়ে কিম জং উনের বোন হওয়ার সুবাদেই তাঁর রাজনৈতিক প্রভাব অনেক বেশি। কিম জং উন নিজে কোনো মন্তব্য করলে তা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হয়, অন্যদিকে কিম ইও জংয়ের মুখ দিয়ে তীব্র হুঁশিয়ারি দিয়েও শীর্ষ নেতার জন্য নীতিগত নমনীয়তা ধরে রাখা সহজ হয়।
যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে কিম ইও জংয়ের ভাষা বেশ কিছুটা সংযত। ওয়াশিংটনের নীতিগত সমালোচনা বারবার করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ধরে সরাসরি আক্রমণ করা থেকে তিনি বিরত থেকেছেন। এটি নির্দেশ করে যে পিয়ংইয়াং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ একেবারেই বন্ধ করেনি। অন্যদিকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে উপেক্ষা করার দাবি করলেও বাস্তবে সিউলের প্রতিটি পদক্ষেপের প্রতিক্রিয়া দেখিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, একের পর এক বার্তা দেওয়ার ফলে কিম ইও জংয়ের বার্তার আকস্মিক প্রভাব বা গুরুত্ব কিছুটা হলেও কমছে, যাকে এক ধরণের মূল্যস্ফীতি বলা চলে। তবুও তাঁর বার্তাগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ যেকোনো বড় সামরিক পদক্ষেপ বা নীতি পরিবর্তনের ইঙ্গিত এর ভেতরেই লুকিয়ে থাকতে পারে।

























