নতুন শিক্ষাবর্ষের সূচনা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন।
প্রেসিডেন্ট তার বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নিরন্তর জ্ঞান অর্জন এবং জাতীয় পরিচয় সমুন্নত রাখার আহ্বান জানান। বর্তমান দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নতুন নতুন সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, একটি সৃজনশীল ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে আপনাদের পারস্পরিক সহযোগিতা ও দলগত প্রচেষ্টা অপরিহার্য। তিনি বলেন, ‘আমি তোমাদের অভিনন্দন জানাই, আমার সন্তানেরা। একই সঙ্গে শিক্ষক, প্রশাসক ও অভিভাবকদেরও শুভেচ্ছা জানাই।’
বার্তার শেষে তিনি শিক্ষার্থীদের সমৃদ্ধি কামনা করে বলেন, ‘ঈশ্বর তোমাদের রক্ষা করুন এবং সাফল্য দান করুন। তোমরা যেন সর্বদা সংযুক্ত আরব আমিরাতের জন্য গর্ব ও সম্মানের উৎস হয়ে থাকো।’
সূত্র: গালফ টুডে



























