মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর দেশে ফেরার পথে সিঙ্গাপুর অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। স্থানীয় সময় রোববার রাত ১টার পরপরই ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের দিক থেকে এপি’র সাংবাদিকরা জাহাজটিকে সিঙ্গাপুর প্রণালীর জলসীমা অতিক্রম করতে দেখেন।
মার্কিন নৌবাহিনীর অন্যতম বৃহত্তম এই যুদ্ধজাহাজটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমর্থনে মোতায়েন ছিল। এই মিশনে জাহাজটি টানা ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করেছে, যা একটি রেকর্ড। তবে দীর্ঘ এই মোতায়েন নিয়ে বেশ কিছু উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে জাহাজের নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং খাদ্য ও স্বাস্থ্যসামগ্রীর মতো প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির খবরও সামনে এসেছে।
থাইল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন ঘাঁটিতে ফেরার আগে বিশ্রাম ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডে যাত্রাবিরতি করবে।



























