যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরে এই অস্থিরতা দেখা দেয়।
বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ০৫ ডলারে লেনদেন হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়লে তেল সরবরাহের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পথ দিয়েই বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়, ফলে সেখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের সরবরাহ সংকট দেখা দিতে পারে।
বাজারে সরবরাহ নিয়ে অনিশ্চয়তা যত বাড়ছে, তেলের দামেও তার প্রভাব তত স্পষ্ট হচ্ছে। বাজারসংশ্লিষ্টদের আশঙ্কা, এই সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। এমন পরিস্থিতি বজায় থাকলে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির ওপরও বাড়তি চাপ সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: দৈনিক আমার দেশ


























