ইউরোপীয় ফুটবলের দলবদলের বাজার বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে বড় চমক দিতে পারে ম্যানচেস্টার সিটি। চেলসি থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে ইতিহাদে উড়িয়ে আনতে জোর আলোচনা চালাচ্ছে সিটিজেনরা। ব্রিটিশ সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১১টায় গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই এই চুক্তি সম্পন্ন করতে চায় তারা।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২২ বিশ্বকাপজয়ী ২৫ বছর বয়সী এই তারকাকে নিজেদের স্কোয়াডে যুক্ত করতে আগ্রহী ম্যানচেস্টার সিটি। চেলসির সাবেক কোচ এনজো মারেসকা এই গ্রীষ্মে পেপ গার্দিওলার স্থলাভিষিক্ত হয়ে সিটির দায়িত্ব নিয়েছেন। স্ট্যামফোর্ড ব্রিজে মারেসকার অধীনে দেড় মৌসুম খেলেছেন ফার্নান্দেজ। ফলে প্রিয় শিষ্যের সঙ্গে আবারও কাজ করতে বেশ আগ্রহী এই ইতালিয়ান কোচ।
২০২৩ সালের জানুয়ারিতে বেনফিকা থেকে তৎকালীন ব্রিটিশ রেকর্ড ১০৬.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন ফার্নান্দেজ। ব্লুজদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭০ ম্যাচে ৩১টি গোল ও ৩০টি অ্যাসিস্ট করে দলের অন্যতম প্রধান খেলোয়াড়ে পরিণত হন তিনি। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ ম্যাচে ১৫টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন। তবে প্রিমিয়ার লিগে চেলসি ১০ম স্থানে থেকে মৌসুম শেষ করায় আগামী মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে না ক্লাবটি।
চেলসির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও স্ট্যামফোর্ড ব্রিজে এনজোর ভবিষ্যৎ বেশ কিছুদিন ধরেই অনিশ্চিত। গত মাসে চেলসির বেঁধে দেওয়া একটি অনানুষ্ঠানিক ডেডলাইনের মধ্যে চুক্তি সম্পন্ন করতে পারেনি সিটি। তবে দলবদলের শেষ সময়ে এসে অন্তত ১২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব পেলে ফার্নান্দেজকে ছাড়তে পারে চেলসি। খেলোয়াড়ের ব্যক্তিগত শর্তাবলি নিয়ে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে ইতিমধ্যেই বড় অঙ্কের অর্থ খরচ করেছে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এলিয়ট অ্যান্ডারসনকে দলে ভিড়িয়েছে তারা। চেলসি ইউরোপীয় ফুটবলের বাইরে থাকায় ফার্নান্দেজ সিটির পরবর্তী বড় সাইনিং হতে পারেন কিনা, তা নিয়েই এখন চলছে জল্পনা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে চেলসির এই মিডফিল্ডারের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। টুর্নামেন্টে ৭টি ম্যাচ খেলে নকআউট পর্বে ২টি গোল করেন তিনি। তবে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যাওয়া ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। আলবিসেলেস্তেদের হয়ে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে ৮টি গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী এই তারকা।


























