ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজতর করার লক্ষ্যে গুগল তাদের সার্চের এআই মোডে নতুন তিনটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ফ্লাইটের ভাড়া ট্র্যাকিংয়ের সুবিধা, মাইল বা রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে ফ্লাইট ও হোটেলের খরচ দেখার সুযোগ এবং সরাসরি হোটেল বুকিংয়ের ব্যবস্থা।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা এআই মোডে তাদের গন্তব্য ও ভ্রমণের সময় উল্লেখ করলে ৩০০টিরও বেশি এয়ারলাইন ও ভ্রমণসাইট থেকে ফ্লাইটের বিভিন্ন বিকল্প দেখানো হবে। ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট গন্তব্য ও তারিখের জন্য ফ্লাইটের দাম ট্র্যাক করার নির্দেশ দিতে পারবেন। এতে ভাড়ার পরিবর্তন হলে গুগল স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলের মাধ্যমে ব্যবহারকারীকে অবহিত করবে। তবে ইউরোপীয় অর্থনৈতিক এলাকার দেশ ও অঞ্চলগুলো এই মূল্য-ট্র্যাকিং সুবিধার বাইরে থাকবে।
নতুন এই আপডেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা এখন ফ্লাইটের দাম মাইল বা পয়েন্টে এবং হোটেলের খরচ রিওয়ার্ড পয়েন্টে দেখতে পারবেন। শুরুতে এই সুবিধা আলাস্কা এয়ারলাইনস, হাওয়াইয়ান এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস, চয়েস হোটেলস ইন্টারন্যাশনাল, হিলটন এবং উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিকল্পগুলোর জন্য কার্যকর হবে। পরবর্তীতে অ্যাকর, ফ্লাইং ব্লু, হায়াত, লাতাম এয়ারলাইনস এবং লুফথানসা গ্রুপকেও এই সুবিধার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও গুগল এআই মোডকে আরও কার্যকর করছে। ব্যবহারকারী ভ্রমণের তারিখ, গন্তব্য ও নিজের পছন্দ জানালে এআই মোড বিভিন্ন হোটেলের বিকল্পের পাশাপাশি অতিথিদের রিভিউও প্রদর্শন করবে। এরপর গুগল পে ব্যবহার করে সরাসরি বুকিং সম্পন্ন করা সম্ভব হবে। তবে হোটেল বুকিংয়ের এই সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় প্রথম চালু হবে। এই প্রক্রিয়ায় এক্সপিডিয়া, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল ও প্রাইসলাইনের মতো অংশীদার সাইটগুলো যুক্ত থাকবে।
নতুন এই ফিচারগুলো যুক্ত করার মাধ্যমে গুগল সার্চের মধ্যেই ফ্লাইট খোঁজা, ভাড়া পর্যবেক্ষণ, রিওয়ার্ড পয়েন্টে খরচ হিসাব এবং হোটেল বুকিংয়ের মতো ভ্রমণ পরিকল্পনার প্রায় সব ধাপকে এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।






























