বরিশালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুসাইফা (১৫ মাস) ও রাইয়ান (১ বছর) নামের এই দুই শিশুর মৃত্যু হয়।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালে ১৬ হাজার ৫০৬ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৫ হাজার ৬৭৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। সব মিলিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত ৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি হিসাবে আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও বেশি।
হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে।
বরিশাল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মলয় কৃষ্ণ বড়াল জানান, প্রতিনিয়ত হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে। তবে টিকা কার্যক্রম জোরদার করার পর আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই হামের এই প্রাদুর্ভাব আরও নিয়ন্ত্রণে আসবে।


























