যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউজ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন যে, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন যে, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এছাড়া, বোয়িং উড়োজাহাজ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও চিঠিতে উল্লেখ করেন। পরিশেষে ‘শুভকামনাসহ’ এবং ‘আন্তরিকভাবে’ লিখে চিঠিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।


























