প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৪। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা নিজেদের দাবি ও ক্ষোভের কথা তুলে ধরেন।
গত রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দিয়ে ইন্টার্ন চিকিৎসকরা জানান, ঘটনার সময় পুরো ফ্লোরে মাত্র একজন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। এক পর্যায়ে এক রোগীর স্বজনরা ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু’র অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রোগীর স্বজনরা মারমুখী আচরণ শুরু করেন, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। সেসময় পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় দায়িত্বরত একক আনসার সদস্য পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন।
সংবাদ সম্মেলনে ইন্টার্ন চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন যে, হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলায় যারা সরাসরি জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা হাসপাতালে নিরাপত্তাহীনতার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং কর্মক্ষেত্রে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের ডিউটিতে ফিরবেন না বলে ঘোষণা দেন।

























