মায়ের প্রতি গভীর ভালোবাসা ও তাঁর স্মৃতির প্রতি সম্মান জানাতে কাতারে একটি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রয়াত সমাজসেবী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদির স্মরণে আল খোর শহরে ‘মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বানাঈদ আল-মেহন্দি সেন্টার ফর মেমোরাইজিং দ্য হোলি কোরআন ফর উইমেন’ নামে একটি বিশেষ শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে।
প্রয়াত মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদি তাঁর জীবদ্দশায় মানবসেবা ও দাতব্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর পরিবার এই শোককে শক্তিতে রূপান্তর করে সদকায়ে জারিয়া হিসেবে এই ইসলামিক সেন্টারটি গড়ে তুলেছে। পরিবারের প্রত্যাশা, এই সেন্টারে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াতের প্রতিটি মুহূর্ত মরহুমার আমলনামায় নেক আমল হিসেবে যুক্ত হবে এবং তাঁর সদকায়ে জারিয়ার ধারা অব্যাহত থাকবে।
এই সেন্টারের অন্যতম প্রধান লক্ষ্য হলো স্থানীয় নারী ও কিশোরীদের জন্য দ্বীনি শিক্ষার সুযোগ সহজলভ্য করা। তাই এখানে সব ধরনের কোর্স সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ রাখা হয়েছে। বয়স নির্বিশেষে যেকোনো নারী ও কিশোরী এখানে নাম নিবন্ধন করে পবিত্র কোরআন তেলাওয়াত ও হিফজ করার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য এখানে সুবিন্যস্ত ও আধুনিক পঠন-পাঠন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
কাতারের আল খোর অঞ্চলের স্থানীয় নারী সমাজের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় মা ও তরুণীরা পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি নিজেদের ধর্মীয় জ্ঞান অর্জনের এক চমৎকার সুযোগ পেলেন।
সূত্র: গালফ বাংলা






























