সিরি আ দলবদলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে দুই দিন, তবে ফ্রি এজেন্টদের জন্য দলবদলের সুযোগ এখনও উন্মুক্ত রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে জেনোয়া তাদের পুরনো খেলোয়াড় স্টিফান এল শারাউইকে পুনরায় দলে ফিরিয়ে এনেছে। দীর্ঘ ১৫ বছর পর তিনি জেনোয়ায় ফিরলেন। এর আগে ৩০ জুন রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এই ইতালিয়ান তারকা ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন। উল্লেখ্য, এল শারাউই জেনোয়ার একাডেমি থেকেই উঠে এসেছিলেন এবং ২০১১ সালের গ্রীষ্মে তিনি মিলানে যোগ দিয়েছিলেন।
তোরিনোও বৃহস্পতিবার নতুন এক খেলোয়াড়কে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের সাবেক অধিনায়ক রিকার্ডো রদ্রিগেজ স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে দুই বছর কাটানোর পর আবার তুরিনে ফিরে এসেছেন। ৩৪ বছর বয়সী এই লেফট-ব্যাক এক বছরের প্রাথমিক চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার সঙ্গে আরও ১২ মাস মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, রোমা তাদের দলের জন্য একজন লেফট-সাইডেড উইঙ্গারের সন্ধানে ফ্রি এজেন্ট মার্কেটের দিকে নজর দিতে পারে। কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি পুরো গ্রীষ্মকালীন দলবদলের সময়জুড়ে এই পজিশনে একজন খেলোয়াড় চেয়ে আসছিলেন। লা গ্যাজেটা ডেলো স্পোর্টের প্রতিবেদন অনুযায়ী, সাবেক ক্রিস্টাল প্যালেস তারকা উইলফ্রেড জাহা সম্ভাব্য তালিকার শীর্ষে রয়েছেন। এছাড়া রাফায়েল গুয়েরেইরো এবং ক্রেপিন ডিয়াটাও রোমার বিবেচনায় থাকতে পারেন বলে জানা গেছে।





























