গ্রিসের এথেন্সের উত্তরে একটি বার্ষিক বিমান প্রদর্শনী চলাকালীন গ্রিক বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার এথেন্সের অদূরে তানাগরা বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার সময় সেখানে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। তবে বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনায় দর্শকদের কেউ হতাহত হননি। বিমানটি একটি লো-অল্টিটিউড বা নিচু উচ্চতায় কৌশল প্রদর্শনের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
এথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে অবস্থিত তানাগরা বিমান ঘাঁটিতে উদ্ধার কাজ চালাচ্ছে দমকল বাহিনী। তবে অগ্নিকাণ্ডের কারণে উদ্ধারকারীদের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। বিমান বাহিনীর কর্মকর্তারা বিমানটিতে থাকা দুই পাইলটের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ৮৫ জন দমকল কর্মী কাজ করছেন, যাদের সহায়তা করছে ১১টি জলবাহী বিমান ও হেলিকপ্টার। অগ্নিকাণ্ডটি ‘এথেন্স ফ্লাইং উইক’ নামক বার্ষিক এই বিমান প্রদর্শনীর দর্শক এলাকা থেকে কিছুটা দূরে অবস্থিত।



























