বিশ্বজুড়ে স্থূলতা বা অতিরিক্ত ওজন কমানোর চিকিৎসায় ওজেম্পিক বা উইগোভির মতো 'জিএলপি-১' (GLP-1) গোত্রের ওষুধগুলো এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। তবে সবার ক্ষেত্রে এই ওষুধগুলো ম্যাজিকের মতো কাজ করে না। একটি বড় অংশের মানুষের শরীরে এসব ব্যয়বহুল ওষুধ কোনো প্রভাবই ফেলতে পারছে না, যা তাদের ঠেলে দিচ্ছে চরম হতাশার দিকে। চিকিৎসা বিজ্ঞানীরা এখন জানার চেষ্টা করছেন, কেন কিছু মানুষের শরীর এই আধুনিক ওষুধগুলোতে সাড়া দেয় না।
কানাডার বাসিন্দা, পঞ্চাশোর্ধ্ব অবসরপ্রাপ্ত শিক্ষক মার্সিডিজ ২০২৪ সালে যখন চিকিৎসকের কাছ থেকে ওজন কমানোর ইনজেকশন নেওয়ার সবুজ সংকেত পান, তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন। আজীবন অতিরিক্ত ওজন নিয়ে লড়াই করা মার্সিডিজ ভেবেছিলেন, এবার হয়তো তার সব কষ্টের অবসান ঘটবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রথমে ওজেম্পিক (৯ মাস), এরপর উইগোভি (৪ মাস), কন্ট্রাভ, মাউঞ্জারো এবং সবশেষে জেপবাউন্ড (৯ মাস ধরে) ব্যবহার করেও তার ওজন কমেনি। মার্সিডিজ জানান, ওষুধগুলো তার তীব্র খাওয়ার আকাঙ্ক্ষা বা 'ফুড নয়েজ' কমাতে পারেনি। তার ভাষায়, "এই তীব্র আকাঙ্ক্ষা যেন হেরোইন ছাড়ার যন্ত্রণার মতো ছিল। সারাক্ষণ মাথায় শুধু খাবারের চিন্তা ঘুরত।" নিজের কঠোর চেষ্টায় তিনি এক মাসে ২০ পাউন্ড ওজন কমালেও, তা ওষুধের কারণে নয় বরং নিজের কঠোর আত্মনিয়ন্ত্রণের ফলে সম্ভব হয়েছিল।
ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, ওষুধের ধরন ও মাত্রার ওপর ভিত্তি করে ৯ শতাংশ থেকে এক-তৃতীয়াংশ রোগী তাদের শরীরের ওজনের ৫ শতাংশেরও কম কমাতে পারেন। ওজেম্পিক ও উইগোভির মূল উপাদান সেমাগ্লুটাইড, যা শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া জিএলপি-১ হরমোনকে অনুকরণ করে। এটি পাকস্থলী খালি হওয়ার প্রক্রিয়াকে ধীর করে, ক্ষুধা কমায় এবং ইনসুলিন উৎপাদন বাড়ায়। অন্যদিকে মাউঞ্জারো ও জেপবাউন্ডে থাকা তিরজেপাটাইড উপাদানটি একই সাথে দুটি হরমোনকে অনুকরণ করায় তা আরও বেশি কার্যকর। কিন্তু সবার শরীরে এর প্রভাব এক হয় না।
কানাডার ৫৭ বছর বয়সী ইউরি কে. নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খাওয়া সত্ত্বেও উইগোভি নেওয়ার ছয় মাস পর দেখেন তার ২৪২ পাউন্ড ওজনে কোনো পরিবর্তন আসেনি। উল্টো কোষ্ঠকাঠিন্য ও ত্বকের সংবেদনশীলতার মতো পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন তিনি। অন্যদিকে লুক্সেমবার্গের ৫৩ বছর বয়সী লুসিল চার বছর ধরে এসব ওষুধ নিচ্ছেন। প্রথমে স্যাক্সেন্ডা ও ওজেম্পিক দিয়ে শুরু করলেও বর্তমানে সবচেয়ে উচ্চমাত্রার মাউঞ্জারো ৫ মিলিগ্রাম নিয়েও তার আর ওজন কমছে না, অথচ এই ওষুধের পেছনে তাকে বিপুল অর্থ খরচ করতে হচ্ছে যা স্বাস্থ্য বীমা থেকেও কভার করা হচ্ছে না।
যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটির স্থূলতা বিশেষজ্ঞ অধ্যাপক আলেকজান্ডার মিরাস বলেন, ওষুধ কাজ না করার পেছনে রোগীদের কোনো দোষ নেই। যদি ওষুধ কারও ক্ষুধা কমাতে না পারে, তবে তা কাজ করবে না। তিনি জানান, রোগীর অনুপ্রেরণা, বুদ্ধিমত্তা, শিক্ষা বা আর্থ-সামাজিক অবস্থা ওষুধ কাজ করার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। তবে বয়স, লিঙ্গ এবং টাইপ-২ ডায়াবেটিস ভূমিকা রাখে। যেমন—বয়স্ক ব্যক্তি এবং পুরুষদের ক্ষেত্রে ওজন কম কমে। এছাড়া টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও ওজন কমার হার অন্যদের চেয়ে কম।
গবেষণায় দেখা গেছে, ইউরোপীয় বংশোদ্ভূতদের শরীরে এই ওষুধ সবচেয়ে ভালো কাজ করে, আর আফ্রিকান-আমেরিকানদের ক্ষেত্রে এর কার্যকারিতা সবচেয়ে কম। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটির এন্ডোক্রাইনোলজিস্ট ও ক্লিনিক্যাল গবেষক ড. মহেশ উমাপথিশিবম জানান, ইস্ট্রোজেন হরমোন জিএলপি-১-এর কার্যকারিতা পরিবর্তন করতে পারে। নারীদের মাসিক চক্রের সময় এবং মেনোপজের পর হরমোন প্রতিস্থাপন থেরাপি (এইচআরটি) নেওয়া নারীদের ক্ষেত্রে সেমাগ্লুটাইডের কার্যকারিতা বেশি দেখা গেছে।
জিনগত বৈশিষ্ট্যও এখানে বড় ভূমিকা রাখে। ২৩অ্যান্ডমি রিসার্চ ইনস্টিটিউটের হিউম্যান জেনেটিক্স বিভাগের ভাইস-প্রেসিডেন্ট ও গবেষণার প্রধান লেখক অ্যাডাম অটন জানান, একটি নির্দিষ্ট জিনগত বৈচিত্র্য মস্তিষ্কের রিসেপ্টরকে প্রভাবিত করে, যা ওজন কমানোর প্রক্রিয়ায় প্রভাব ফেলে। এই জিনগত বৈচিত্র্যের দুটি কপি বহনকারী ব্যক্তিরা অন্যদের চেয়ে দ্বিগুণ ওজন কমাতে পারেন, যা ওষুধের মোট কার্যকারিতার প্রায় ১০ শতাংশ নির্ধারণ করে।
এছাড়া ড. উমাপথিশিবমের সাম্প্রতিক গবেষণায় পিএএম (PAM) এনজাইম তৈরিকারী দুটি জিনগত বৈচিত্র্যের সন্ধান মিলেছে। এই বৈচিত্র্যের কারণে শরীর জিএলপি-১ হরমোনের প্রতি প্রতিরোধী (রেজিস্ট্যান্ট) হয়ে ওঠে, ফলে ওষুধ ঠিকমতো কাজ করে না এবং ওজন হ্রাস বা ইনসুলিন নিঃসরণের হার আশানুরূপ হয় না।
তবে যারা জিএলপি-১ ওষুধে সাড়া দিচ্ছেন না, তাদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। তাদের জন্য 'মাইসিম্বা' (Mysimba)-র মতো বিকল্প ওষুধ রয়েছে যা মস্তিষ্কে ভিন্নভাবে কাজ করে। এছাড়া ওজন কমানোর সার্জারি বা ব্যারিয়াট্রিক সার্জারিও একটি কার্যকর বিকল্প হতে পারে। অধ্যাপক মিরাস আশ্বস্ত করে বলেন, ওষুধ কাজ না করার মানে এই নয় যে সার্জারিও ব্যর্থ হবে। এটি সম্পূর্ণই শরীরের গঠন ও ভাগ্যের ওপর নির্ভর করে।
































