বিশ্ব এক বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে এই মহাজাগতিক ঘটনাটি ঘটবে। এই সূর্যগ্রহণের সময় দুই মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত সূর্যের আলো সম্পূর্ণ ঢাকা পড়ে যাবে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই এমন পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়। প্রতি বছর পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ (আংশিক, বলয়গ্রাস, পূর্ণগ্রাস বা হাইব্রিড) দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বেশ বিরল। শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছরে একবার এই ঘটনা ঘটে থাকে। ২০২৪ সালের এপ্রিলের পর পৃথিবী থেকে দৃশ্যমান এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্পেনের আইবেরীয় উপদ্বীপে এক শতাব্দীরও বেশি সময় পর আবারও এই বিরল ঘটনা প্রত্যক্ষ করা যাবে।
বুধবারের এই পূর্ণ সূর্যগ্রহণে স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড এবং রাশিয়া ও পর্তুগালের কিছু অংশের প্রায় দেড় কোটি মানুষ এমন স্থানে থাকবেন যেখানে সূর্য সম্পূর্ণ ঢাকা পড়বে। বিশেষ করে উত্তর ও পূর্ব স্পেনের লিওন, ভায়াদোলিদ, জারাগোজা, তেরুয়েল এবং ভ্যালেন্সিয়ার মতো শহরগুলো পূর্ণগ্রাসের সরাসরি পথেই অবস্থিত। স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিট নাগাদ এই পূর্ণগ্রাস শুরু হবে এবং স্থানভেদে তা প্রায় ১১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো এই বলয়ের বাইরে থাকলেও সেখান থেকেও সূর্য প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে।
এদিকে একই রাতে আকাশে পারসেইড উল্কাবৃষ্টি সর্বোচ্চ সক্রিয় অবস্থায় থাকবে। ফলে যেসব অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে, তারা সূর্যগ্রহণের পাশাপাশি গভীর রাতে উল্কাবৃষ্টির মনোমুগ্ধকর দৃশ্যও উপভোগ করতে পারবেন। যারা সরাসরি সূর্যগ্রহণ দেখতে পারবেন না, তাদের জন্য ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সরাসরি সম্প্রচার করবে।





























