এল নিনো আবহাওয়াজনিত খরার কবলে পড়ে ফের বড় ধরনের সংকটের মুখে পড়েছে পানামা খাল। খালের পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় কর্তৃপক্ষ জাহাজ চলাচলের সংখ্যা আরও কমানোর পরিকল্পনা করছে। এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে খাল পার হওয়ার সুযোগ পেতে এখন নিলামে লাখ লাখ ডলার পর্যন্ত খরচ করতে হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আবহাওয়ার চক্র পরিবর্তনের ফলে পানামা খালে জাহাজ চলাচল ও বাণিজ্যে নতুন করে বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রশান্ত মহাসাগরে এল নিনোর প্রভাবে পানামায় খরা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের এল নিনো গত চার দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির কারণে খালের শুরু ও শেষ প্রান্তের লক ব্যবস্থায় জাহাজ ওঠানামার জন্য প্রয়োজনীয় পানির স্তর বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। প্রতিটি জাহাজকে খাল পার করতে প্রায় ২০ কোটি লিটার পানির প্রয়োজন হয়, যা পরে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।
পানামা খাল কর্তৃপক্ষের প্রধান ইলিয়া এসপিনো দে মারোত্তা এএফপিকে জানিয়েছেন, খরা পরিস্থিতির উন্নতি না হলে ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ দৈনিক জাহাজ চলাচলের সীমা আরও কমিয়ে ২৯টির কাছাকাছি নামিয়ে আনা হতে পারে। উল্লেখ্য, গত মাসেও প্রতিদিন সর্বোচ্চ ৩৬টি জাহাজ চলাচলের অনুমতি থাকলেও সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে তা কমিয়ে ৩২টিতে আনা হয়েছে। ২০২৩ সালে একই কারণে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা ২২টিতে নামিয়ে আনা হয়েছিল, তবে কর্তৃপক্ষ এবার পরিস্থিতি ২০২৩ সালের পর্যায়ে পৌঁছাবে না বলে আশা করছে। এছাড়া, নিরাপদ চলাচলের জন্য জাহাজের সর্বোচ্চ ড্রাফট ১৫ দশমিক ২ মিটার থেকে কমিয়ে ১৪ দশমিক ৬ মিটারে নামিয়ে আনা হয়েছে।
বিশ্বের মোট সমুদ্রপথের বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খাল দিয়ে পরিচালিত হয়। ইরানের অবরোধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে ব্যবসায়ীরা এখন পানামা খালের ওপর নির্ভর করছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও চীনের মধ্যকার পণ্য পরিবহনে এই খালটি সবচেয়ে দ্রুততম রুট হিসেবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের কনটেইনার পরিবহনের প্রায় ৪০ শতাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দীর্ঘমেয়াদী বিধিনিষেধের ফলে বিশ্ববাজারে পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি এবং সরবরাহে বিলম্ব হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।






























