সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিতর্কের জেরে এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ। মঙ্গলবার দুপুর ১২টার পর এই ঘটনা ঘটে। পরে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে ব্রিফিং করেন মাহবুব উদ্দিন খোকন এবং বেলা সোয়া দুইটার দিকে নিজ কার্যালয়ে ব্রিফিং করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, প্রধান বিচারপতি বিচারিক শৃঙ্খলা ও সততাকে সর্বোচ্চ প্রাধান্য দেন এবং আদালতের সঙ্গে কোনো ধরনের প্রতারণা হলে তা গুরুত্বের সঙ্গে দেখেন। তিনি ২০১৩ সালের একটি মামলার প্রসঙ্গ টেনে বলেন, ওই মামলায় একই আদেশ চ্যালেঞ্জ করে পাঁচটি রিট দায়ের করা হয়েছিল, যেখানে পূর্বের রিজেক্ট হওয়ার আদেশটি পরবর্তী রিটে উল্লেখ করা হয়নি। এই অসংগতির কারণে আপিল বিভাগ সংশ্লিষ্ট নারী আইনজীবী ও রিট আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন, যা ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্যমতে, ওই মামলার আদেশটি সকাল সোয়া নয়টার দিকে দেওয়া হয়েছিল, যেখানে মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন না। পরবর্তীতে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে অন্য একটি মামলার শুনানিকালে মাহবুব উদ্দিন খোকন জরিমানা আরোপের বিষয়টি নিয়ে কথা বলেন। তখন প্রধান বিচারপতি জানান, আদালত সব কিছু পর্যালোচনা করেই আদেশ দিয়েছে এবং আদালতের সঙ্গে গুরুতর প্রতারণা করার কারণে এই আদেশ পরিবর্তন করা হবে না।
একপর্যায়ে মাহবুব উদ্দিন খোকন মন্তব্য করেন যে, প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর আইনজীবীদের আয় কমে গেছে। অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতি বিষয়টিকে শুরুতে হালকাভাবে নিলেও পরবর্তীতে বলেন, আপনি যা বলেছেন তা আদালত অবমাননার শামিল। এরপরই প্রধান বিচারপতি জানান তিনি আর আজকের কার্যক্রমে অংশগ্রহণ করবেন না এবং এজলাস ত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল স্পষ্ট করেন যে, আইনজীবী সমিতির সভাপতি আইনজীবীদের স্বার্থে কথা বলেছেন বলে দাবি করলেও মামলার কার্যধারায় এমন কোনো আলোচনার সুযোগ ছিল না।
































