ফিলিপাইনের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সাবেক স্পিকার এবং বর্তমান আইনপ্রণেতা মার্টিন রোমুয়ালদেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কাজিন এবং সাবেক মিত্র হিসেবে পরিচিত এই আইনপ্রণেতা এবং আরও তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন আদালত স্যান্ডিগানবায়ানে লুটপাটের অভিযোগ দায়ের করা হয়েছে।
ওম্বুডসম্যান জেসুস ক্রিসপিন রেমুল্লা এক সংবাদ সম্মেলনে জানান, এই মামলার সাথে ৭.৪ বিলিয়ন পেসো বা ১১৮ মিলিয়ন ডলারের লেনদেনের সম্পর্ক রয়েছে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট মার্কোস দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায় ১০ হাজার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ শুরু হয়েছিল, যার মোট মূল্য ৫৪৫ বিলিয়ন পেসো বা ৯ বিলিয়ন ডলার। এসব প্রকল্পের অনেকগুলোই বর্তমানে তদন্তের আওতায় রয়েছে। এর মধ্যে অনেক প্রকল্পই নিম্নমানের, অতিরিক্ত মূল্যে দেখানো হয়েছে অথবা বাস্তবে কোনো কাজই হয়নি।
ফিলিপাইন প্রতি বছর প্রায় ২০টি শক্তিশালী টাইফুনের কবলে পড়ে, যা দেশটিতে বন্যা ও ভূমিধসের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটায়। তবে মার্টিন রোমুয়ালদেজ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জোনভিক রেমুল্লা জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের সময় রোমুয়ালদেজের রক্তচাপ অস্থিতিশীল হয়ে পড়লে এবং তিনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লে তাকে সোমবার বিকেলে ম্যানিলার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ছাড়পত্র দিলেই তাকে কারাগারে পাঠানো হবে। রেমুল্লা স্পষ্টভাবে বলেছেন, তিনি যত ধনীই হোন না কেন, আইনের ঊর্ধ্বে নন এবং কোনো বিশেষ সুবিধা পাবেন না।
তদন্তে উঠে এসেছে যে, হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সাবেক প্রধান জাল্ডি কো-ও এই প্রকল্পের বিশাল অংকের অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত। বর্তমানে তিনি ইউরোপে পালিয়ে গিয়ে পলাতক রয়েছেন। এই দুর্নীতির ঘটনায় একজন বর্তমান সিনেটর, একজন সাবেক সিনেটর, সরকারি প্রকৌশলী, গণপূর্ত কর্মকর্তা এবং নির্মাণ সংস্থার কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। ওম্বুডসম্যান রেমুল্লা জানান, আত্মসাৎ করা অর্থ লুকানোর জন্য তারা একাধিক বাড়ি কিনেছিলেন, এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ১ মিলিয়ন ডলার অনুদানও দিয়েছিলেন। তিনি আরও বলেন, এটি কেবল শুরু এবং রোমুয়ালদেজসহ অভিযুক্তদের বিরুদ্ধে আরও লুটপাট ও মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করা হবে। প্রেসিডেন্ট মার্কোস এই দুর্নীতিকে 'ভয়ঙ্কর' হিসেবে বর্ণনা করেছেন এবং বিষয়টি তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করেছেন। কমিউনিকেশনস আন্ডারসেক্রেটারি ক্লেয়ার কাস্ত্রো জানিয়েছেন, প্রেসিডেন্ট আগেই ঘোষণা দিয়েছেন যে, আত্মীয় হলেও তিনি কাউকে ছাড় দেবেন না।





























