৯/১১ হামলার ২৫ বছর পেরিয়ে গেলেও নিউ ইয়র্কের বাসিন্দাদের জীবনে সেই ঘটনার প্রভাব এখনো রয়ে গেছে। সাফোফক ইউনিভার্সিটি পরিচালিত এক নতুন জরিপে দেখা যায়, ৭৭ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, ২০০১ সালের সেই ভয়াবহ সন্ত্রাসী হামলা তাদের ব্যক্তিগত জীবন ও দৃষ্টিভঙ্গিকে চিরতরে বদলে দিয়েছে। বর্তমানে ১৮ থেকে ৩৪ বছর বয়সী বাসিন্দাদের ৫১ শতাংশও মনে করেন, এই ঘটনা তাদের ওপর স্থায়ী প্রভাব ফেলেছে, যদিও ঘটনার সময় তাদের অনেকের জন্মই হয়নি অথবা তারা শিশু ছিল।
সাফোফক ইউনিভার্সিটি পলিটিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ডেভিড পেলিওগোস বলেন, নিউ ইয়র্ক শহরের ওপর সেই ক্ষত সময়ের আড়ালে ঢাকা পড়ে যায়নি। তথ্য অনুযায়ী, অধিকাংশ বাসিন্দার দৈনন্দিন দৃষ্টিভঙ্গি ও জীবনবোধ এখনো সেই দিনের আবেগীয় ও মনস্তাত্ত্বিক ভার বহন করছে। জরিপে অংশ নেওয়া পাঁচ বারোর বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ শতাংশ নিয়মিত বা প্রতিদিন ৯/১১-এর কথা ভাবেন। অন্যদিকে, মাত্র ২০ শতাংশের কম মানুষ জানিয়েছেন যে তারা বিষয়টি প্রায় ভুলেই গেছেন।
হামলার কথা মনে পড়লে প্রায় ৭০ শতাংশ উত্তরদাতা গভীর শোক অনুভব করেন, যেখানে মাত্র ২০ শতাংশ মানুষ ক্ষোভের কথা জানিয়েছেন। রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে এখানে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে; রিপাবলিকানদের মধ্যে ক্ষোভের মাত্রা ডেমোক্র্যাটদের তুলনায় দ্বিগুণেরও বেশি।
গ্রাউন্ড জিরোর বার্ষিক স্মরণ অনুষ্ঠান নিয়ে নিউ ইয়র্কবাসীর মতামত বেশ স্পষ্ট। অনলাইনে হাজার হাজার মানুষ মেয়র জোহরান মামদানিকে অনুষ্ঠানে নিষিদ্ধ করার দাবি জানালেও, জরিপে ৭৪ শতাংশ মানুষ তার উপস্থিতির পক্ষে মত দিয়েছেন। মেয়র মামদানি জানিয়েছেন, তিনি বেঁচে যাওয়া পরিবার ও উদ্ধারকর্মীদের সম্মান জানাতে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগ্রহ থাকলেও, ৭৪ শতাংশ মানুষ ঐতিহ্য বজায় রেখে নির্বাচিত কর্মকর্তাদের বক্তব্য না দেওয়ার পক্ষেই মত দিয়েছেন।
নিরাপত্তার প্রশ্নে ৪৬ শতাংশ নিউ ইয়র্কবাসী মনে করেন শহরটি আগের চেয়ে নিরাপদ হয়েছে, তবে ৫০ শতাংশের আশঙ্কা আগামী এক দশকে বড় ধরনের আরেকটি হামলার ঘটনা ঘটতে পারে। জরিপটি ১ থেকে ৩ সেপ্টেম্বর ল্যান্ডলাইন ও সেল ফোনের মাধ্যমে পরিচালিত হয়েছে, যার মার্জিন অফ এরর ৪.৪ শতাংশ।






























