প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ প্রায় দুই দশক পর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সফর ঘিরে নিউ ইয়র্কে সমবেত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। এই সফর দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন প্রবাসীরা।
ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার দৈনিক আমাদের সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ ২০ বছর পর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে প্রবাসীদের মধ্যে আগ্রহের কমতি নেই। তিনি প্রত্যাশা করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময়ের সুযোগ তৈরি হবে, যেখানে দেশের সংকট ও প্রবাসীদের সমস্যা নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ থাকবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বে বাংলাদেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে এবং তার সফর সফল করতে প্রবাসীরা সব ধরনের নিরাপত্তা ও সহযোগিতা প্রদানে প্রস্তুত।
বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে দেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে ইমরানুল হক চাকলাদার বলেন, এই সংকট দ্রুত সমাধানে সরকার প্রবাসী বাংলাদেশিদের মেধা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে কাজে লাগাতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক মেধাবী বাংলাদেশি রয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানিসহ অন্তত ১০টি গুরুত্বপূর্ণ খাতে বিশেষজ্ঞদের নিয়ে সরকার একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। প্রবাসীদের সঙ্গে সরকারের কার্যকর অংশীদারত্ব তৈরি করা এখন সময়ের দাবি।
বিনিয়োগের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগে আগ্রহী হলেও আস্থার সংকট ও অনিশ্চয়তা তাদের নিরুৎসাহিত করে। অনেক প্রবাসী ১০০ মিলিয়ন ডলার বা তারও বেশি বিনিয়োগের সক্ষমতা রাখেন। বিনিয়োগের নিরাপত্তা, নীতি ধারাবাহিকতা এবং দ্রুত সেবা নিশ্চিত করা গেলে দেশে বড় পরিসরে শিল্পায়ন সম্ভব। ব্যাংকিং ও আর্থিক খাতের বর্তমান চাপ মোকাবিলায় প্রবাসী বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে তিনি বলেন, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজন। এ লক্ষ্যে সরকার একজন দক্ষ ও অভিজ্ঞ বিশেষ দূত নিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জনশক্তি রপ্তানির সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি ও ফার্মসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মী পাঠানোর জন্য অন্তত ১০টি বিশেষায়িত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও তুলে ধরেন তিনি। তিনি বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম হিসেবে না দেখে তাদের মেধা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নের অংশীদার করতে হবে।





























