যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন। এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক আয়োজনে সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটের দিকে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি হলে শপথ অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে প্রথমেই বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর ড. খলিলুর রহমান অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, শপথ গ্রহণের পর রাত ১টায় তিনি ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর গোপন ব্যালটের মাধ্যমে ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হন। সেই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন।
প্রায় চার দশক পর কোনো বাংলাদেশি কূটনীতিক বিশ্বের এই বৃহত্তম বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আগামী ২২ সেপ্টেম্বর থেকে রাষ্ট্র ও সরকার প্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে বলে নির্ধারিত রয়েছে।



























