সিরি-আ লিগে টানা ৩ ম্যাচে পরাজয়ের জেরে কোচ ফাবিও গ্রোসোকে বরখাস্ত করেছে ফিওরেন্তিনা। তবে বিষয়টি কেবল বরখাস্তেই সীমাবদ্ধ থাকছে না; ক্লাবটি এখন তাদের সাবেক এই কোচের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে, যাতে চুক্তির বাকি মেয়াদের বেতন দেওয়া থেকে রেহাই পাওয়া যায়।
গত রবিবার রাতে গ্রোসোকে কোচের পদ থেকে সরিয়ে দেয় ফিওরেন্তিনা। তাঁর জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাওলো ভানোলিকে। এর আগে স্তেফানো পিওলির অধীনে ক্লাবের বিপর্যয়কর শুরুর পর, গত মৌসুমের বড় একটি সময় ডাগআউটে থেকে দলকে অবনমন থেকে রক্ষা করেছিলেন এই ভানোলিই।
স্কাই স্পোর্ট ইতালিয়া এবং লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিওরেন্তিনার আইনজীবীরা এখন গ্রোসোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছেন। ক্লাবের লক্ষ্য হলো এটি প্রমাণ করা যে, গ্রোসোকে বরখাস্ত করার পেছনে 'যৌক্তিক কারণ' ছিল। এটি প্রমাণ করা সম্ভব হলে ক্লাবকে তাঁর চুক্তির অবশিষ্ট মেয়াদের বেতন পরিশোধ করতে হবে না।
প্রতিবেদনে আরও জানানো হয়, ফিওরেন্তিনা প্রমাণ করতে চায় যে গ্রোসোকে বরখাস্ত করা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। কারণ, ক্লাবের দলবদল সংক্রান্ত কৌশলের সাথে দ্বিমত পোষণ করে গ্রোসো পরিচালক ফাবিও পারাতীচিকে সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে, তাঁর পক্ষে এই দায়িত্বে বহাল থাকা সম্ভব নয়।




























