দেশের চলমান সার সংকট ও ডিলারদের সিন্ডিকেট নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে সরকারের চরম অব্যবস্থাপনা ও বিতরণ ব্যর্থতাকে দায়ী করা হলেও সরকারি দল দাবি করেছে, দেশে চাহিদার চেয়েও বেশি সার মজুত রয়েছে। মূলত বিগত স্বৈরাচার আমলের ডিলাররা রাজনৈতিক উদ্দেশ্যে কৃত্রিম সংকট তৈরি করছে বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সংসদ অধিবেশনে বিরোধী দলের সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, দেশে চলমান সার সংকট মূলত মজুতের কোনো সমস্যা নয়। এটি সরকারের চরম অব্যবস্থাপনা, দুর্নীতি ও হরিলুটের অপচেষ্টার ফল। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের ভর্তুকি দেওয়া সার মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে এবং তার বদলে দেশে ঢুকছে ইয়াবার মতো মারাত্মক মাদক, যা দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের উদাহরণ টেনে তিনি বলেন, জ্বালানি সংকটের শুরুতে সরকার বলেছিল কোথাও লোডশেডিং নেই, কিন্তু পরে তারাই দিন গোনার কথা বলেছিল। ফলে সারের মজুত নিয়ে সরকারের বর্তমান দাবি মানুষ কীভাবে বিশ্বাস করবে? তিনি আরও অভিযোগ করেন, দেশের সার কারখানাগুলো বন্ধ রেখে জনগণের টাকায় বেশি দামে বিদেশ থেকে সার কেনা হচ্ছে, অথচ তা কৃষকের হাতে পৌঁছাচ্ছে না। ফ্যাসিবাদী আমলের ডিলারদের বাদ দেওয়ার নামে লাখ লাখ টাকা নিয়ে নতুন করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে এবং তারা দুর্নীতি করলে সেই দায় সরকারকেই নিতে হবে বলে তিনি সতর্ক করেন।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং চাহিদার তুলনায় অতিরিক্ত মজুত রয়েছে। বিগত স্বৈরাচার সরকারের আমলে নিয়োগ পাওয়া ৩ হাজার ৭৫৯ জন ডিলার বর্তমানে পলাতক থাকায় সেসব পয়েন্ট শূন্য রয়েছে এবং তারাই সরকারকে হেয় করতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এই সংকট কাটাতে সরকার সারা দেশে নতুন করে ৪ হাজার ৯১৮ জন ডিলার এবং তাদের অধীনে আরও ১৬ হাজার খুচরা ডিলার নিয়োগের উদ্যোগ নিয়েছে। প্রতি ইউনিয়নে নতুন ডিলার দেওয়া হবে এবং প্রত্যেকে দুটি করে খুচরা ডিলার নিয়োগ করতে পারবে। বাংলাদেশে সারের দাম কম হওয়ায় পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমারে সার পাচারের কিছু তথ্য প্রশাসনের কাছে এসেছে বলে তিনি স্বীকার করেন। তবে সার মনিটরিং কমিটিতে সংসদ-সদস্যদের না রাখার বিষয়ে ক্ষোভের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণের দায়িত্ব ট্রেজারি বেঞ্চ বা বিরোধী দল—কোনো সংসদ-সদস্যই নিতে চান না। ডিলাররাই নিয়মমাফিক সার বিতরণ করবে।
এদিকে জামায়াতের সংসদ-সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম আশঙ্কা প্রকাশ করে বলেন, সার সংকটের কারণে আগামী রবি ও বোরো মৌসুমে দেশ মারাত্মক খাদ্যনিরাপত্তার ঝুঁকিতে পড়বে। কালোবাজারি রুখতে, ডিলারদের সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। সরকার অতিরিক্ত মজুতের কথা বললেও কৃষকরা সার না পেয়ে কালোবাজার থেকে কিনতে বাধ্য হচ্ছেন। এমনকি সারের জন্য কৃষকরা গুদাম লুট করেছেন এবং কুড়িগ্রামের রৌমারীতে বিজিবি দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। এই হাহাকারের পুরো দায় সরকারের সার ব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার।
অপর এক জামায়াত সংসদ-সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, সরকার বলছে সারের জোয়ারে দেশ ভাসছে, অথচ কৃষকদের ন্যায্যমূল্যের চেয়ে ৩০০ থেকে ৮০০ টাকা বেশি দিয়ে সার কিনতে হচ্ছে। দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত সার কারখানার মধ্যে ছয়টিই বন্ধ রয়েছে, অথচ মন্ত্রীর ব্যক্তিগত গোডাউন সারে ভর্তি। কুড়িগ্রামে বাধ্য হয়ে কৃষকরা গোডাউন ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, দেশের ভর্তুকির সার মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে এবং বিনিময়ে আইস ও ইয়াবার মতো ভয়ংকর মাদক দেশে ঢুকছে। নতুন ডিলার নিয়োগে ১০ থেকে ১২ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ তুলে তিনি বলেন, ১৭ বছর ধরে জেঁকে বসা চক্রের সঙ্গে মিলে এক ডিলার নিজের, স্ত্রীর ও ছেলে-মেয়ের নামে ডিলারশিপ নিচ্ছেন এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ৫০ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।






























