অধিকৃত সিরীয় ভূখণ্ড মাউন্ট হারমন পরিদর্শনে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া এই পদক্ষেপকে দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং একটি "উসকানিমূলক" পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজকে সঙ্গে নিয়ে বিতর্কিত ওই এলাকা সফরে যান নেতানিয়াহু।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নেতানিয়াহুর এই সফরকে "অবৈধ অনুপ্রবেশ" হিসেবে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর একটি "গুরুতর আঘাত"। একই সঙ্গে সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের ক্রমাগত অনুপ্রবেশ ও হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলছে বলেও সতর্ক করেছে দামেস্ক।
এই পরিস্থিতির জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করে সিরিয়া জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বমঞ্চে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। দামেস্ক দাবি করেছে, ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে হবে
সফরকালে নেতানিয়াহু দাবি করেন, মাউন্ট হারমন থেকে ইয়ারমুক নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ইসরায়েল নজিরবিহীন "পূর্ণ নিয়ন্ত্রণ" প্রতিষ্ঠা করেছে। তিনি আরও বলেন, ইসরায়েল তাদের সীমান্তের কাছে কোনো ধরনের "সন্ত্রাসী বাহিনী" গড়ে তোলার সুযোগ দেবে না। একই সফরে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও স্পষ্ট ইঙ্গিত দেন যে, তারা এই অঞ্চলে তাদের দখলদারিত্ব বজায় রাখবে। একটি ভিডিও বার্তায় কাটজ বলেন, "আমরা এখান থেকে নড়ব না।"
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমি দখল করে রেখেছে ইসরায়েল এবং ১৯৮১ সালে তারা একতরফাভাবে এই অঞ্চলটিকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই সংযুক্তিকরণকে কখনো স্বীকৃতি দেয়নি। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে ইসরায়েলি বাহিনী সিরীয় ভূখণ্ডের ভেতরে তাদের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত করেছে।





























