ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং নগরবাসীর কাছে গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। বর্তমান বাস্তবতায় নগর সেবায় যিনি সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবেন, তাকেই বেছে নিতে চায় সরকারি দল। জাতীয় নির্বাচনের পর ঢাকা সিটির এই নির্বাচনকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই চ্যালেঞ্জ সামলানোর লড়াইয়ে শেষ পর্যন্ত পরীক্ষিত কোনো প্রার্থীকে দল সমর্থন দেবে, নাকি নতুন কোনো মুখ সামনে এনে চমক সৃষ্টি করবে—তা নিয়ে দলের ভেতরে ও বাইরে নানা আলোচনা চলছে। ওদিকে নিজেদের অবস্থান জানান দিতে সক্রিয় হয়ে উঠেছেন মনোনয়নপ্রত্যাশীরাও।
সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মহানগর নেতাদের নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে প্রতিটি ওর্য়াডের সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। একই সঙ্গে ওর্য়াড কাউন্সিলর পদে প্রার্থীদের তালিকা প্রস্তুত করার জন্য বলেন, যেখান থেকে পরবর্তীতে সমন্বয় করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর আগে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দল কেবল একজন প্রার্থীকেই সমর্থন দেবে এবং শৃঙ্খলা ভেঙে যাতে দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করেন, সে ব্যাপারে কড়া বার্তা দেওয়া হয়।
দলের এই সিদ্ধান্তের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলের তৃণমূলের ইউনিটগুলো জেলার নেতাদের সহযোগিতায় বসে একক প্রার্থী নির্ধারণ করবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যাতে অন্য কেউ প্রার্থী না হন, সে ব্যাপারে সামগ্রিক প্রচেষ্টা গ্রহণ করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২০১৫ এবং ২০২০ সালে বিএনপির হয়ে মেয়র পদে লড়াই করেছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। তবে সম্প্রতি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হওয়ায় এবার উত্তর সিটিতে অন্য কাউকে প্রার্থী করা হতে পারে বলে আলোচনা রয়েছে। উত্তরে বর্তমান প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের নাম প্রার্থী হিসেবে জোর আলোচনায় আছে। এ ছাড়া তাবিথ আউয়াল ছাড়াও বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এম এ কাইয়ুম এবং উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান জানান, সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দল কাজ করছে এবং নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করলে কাজের গতি আরও বাড়ানো হবে। তিনি নিজে উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী হলেও দল যাকে চূড়ান্ত সমর্থন দেবে, তার পক্ষেই কাজ করার ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি কি আবারও ইশরাক হোসেনের অভিজ্ঞতার ওপর ভরসা রাখবে, নাকি নতুন কাউকে বেছে নেবে—তা নিয়ে জল্পনা চলছে। ইশরাক হোসেন বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবং তিনি ইতিমধ্যেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এর বাইরে দক্ষিণে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন বর্তমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল এবং মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, দল তাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে বলেছে এবং এ লক্ষ্যে তারা ৯টি সাংগঠনিক টিম গঠন করেছেন, যারা থানা ও ওয়ার্ড পর্যায়ে কাজ করবে। দল তাদের কোনো তালিকা তৈরি করতে না বললেও যাদের গ্রহণযোগ্যতা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রয়েছে, তাদের নাম দলের কাছে সুপারিশ করা হবে। উল্লেখ্য, ২০২০ সালের ১লা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।






























