সংগীতের কিংবদন্তি ডলি পার্টন তার জীবনের অনেক বিষয়ই ব্যক্তিগত রাখতে পছন্দ করতেন। বিশেষ করে তার প্রয়াত স্বামী কার্ল ডিনের সঙ্গে প্রায় ছয় দশকের দীর্ঘ দাম্পত্য জীবন এবং তার মৃত্যুতে ডলি যে গভীর বেদনার মধ্য দিয়ে গেছেন, তা ছিল একান্তই ব্যক্তিগত। ১০ সেপ্টেম্বর প্রচারিত সিবিএস মর্নিংসের এক সাক্ষাৎকারে ডলির বোন স্টেলা পার্টন তাদের এই সম্পর্ককে একটি 'মিষ্টি ও ব্যক্তিগত প্রেম' হিসেবে বর্ণনা করেছেন।
কানসারের সঙ্গে সংক্ষিপ্ত লড়াইয়ের পর গত ২৫ আগস্ট ৮০ বছর বয়সে ডলি পার্টন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে, ২০২৫ সালের মার্চ মাসে ৮২ বছর বয়সে কার্ল ডিন মারা যান। কার্ল ডিনের মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে কখনোই প্রকাশ করা হয়নি। স্টেলা পার্টন জানান, তাদের এই সম্পর্ক ছিল অত্যন্ত গভীর, অনন্য এবং বিশ্বস্ত। কার্লের মৃত্যুর আগে তার শারীরিক অবস্থা দেখে ডলি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান স্টেলা।
গেইল কিং যখন স্টেলাকে প্রশ্ন করেন যে তার বোন কি 'হৃদয় ভেঙে' মারা গেছেন কি না, তখন তিনি তা সরাসরি নাকচ করে দেন। স্টেলা বলেন, 'আমি মনে করি না যে এতে সে অসুস্থ হয়েছে। আমার বোন দীর্ঘ সময় ধরে খুব কঠোর পরিশ্রম করেছে এবং কাজ চালিয়ে গেছে। এমনকি আমার সঙ্গে তার শেষ আলাপের সময়ও সে কাজ করছিল। এটাই ছিল তার আবেগ।'
স্টেলা আরও জানান, কার্ল ডিন ডলি পার্টনকে এতটাই ভালোবাসতেন যে, তিনি তাকে তার মতো করেই থাকতে দিয়েছিলেন। যদিও কার্ল নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। স্টেলা বলেন, 'কার্ল হয়তো চাইতেন ডলি বাড়িতে সাধারণ পোশাকে, চুলে পনিটেইল বেঁধে রান্নাঘরে সময় কাটাক। তিনি সেটাই পছন্দ করতেন।'
১৯৬৪ সালে ন্যাশভিলের একটি লন্ড্রিতে তাদের প্রথম দেখা হয়। তখন কার্ল ডিনের বয়স ছিল ২১ এবং ডলি পার্টনের বয়স ছিল ১৮। ১৯৬৬ সালে বিয়ের পর থেকে তারা একে অপরের সঙ্গী ছিলেন। কার্ল ডিন ব্যবসায়ী হিসেবে নিজের রিয়েল এস্টেট ব্যবসা ও ন্যাশভিলের খামার নিয়ে ব্যস্ত থাকতেন। ডলি তার ১৯৯৪ সালের আত্মজীবনী 'ডলি: মাই লাইফ অ্যান্ড আদার আনফিনিশড বিজনেস'-এ উল্লেখ করেছিলেন, ১৯৬৬ সালের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর কার্ল আর জনসমক্ষে আসতে চাইতেন না।
২০২৪ সালে ইউএসএ টুডে নেটওয়ার্কের অংশ নক্স নিউজের সঙ্গে আলাপকালে ডলি জানিয়েছিলেন, কার্ল কখনোই কোনো সাক্ষাৎকারে অংশ নিতে চাইতেন না। কেউ যদি তাকে প্রশ্ন করার চেষ্টা করত, তিনি সেখান থেকে সরে যেতেন।
কার্ল ডিনের মৃত্যুর পর ডলি এক বিবৃতিতে জানিয়েছিলেন, তাদের দীর্ঘ ৬০ বছরের ভালোবাসা কোনো শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তিনি বলেছিলেন, 'কার্ল এখন ঈশ্বরের আশ্রয়ে আছে এবং আমি তা মেনে নিয়েছি। আমি তোমাকে সবসময় ভালোবাসব।' ২০১৬ সালে এই দম্পতি তাদের বিয়ের শপথ নবায়ন করেছিলেন, যেখানে কার্ল বলেছিলেন, তাদের প্রথম দেখাতেই তিনি বুঝেছিলেন যে এই মেয়েকেই তিনি বিয়ে করবেন।




























