অস্ট্রেলিয়া সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকস। শনিবার (২১ নভেম্বর) মেলবোর্নে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় তিনি হাতে গুরুতর চোট পান। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে যে, এই অলরাউন্ডার আর দলের সঙ্গে কোনো ম্যাচ খেলতে পারবেন না। তার বদলি খেলোয়াড়ের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
ম্যাচের তৃতীয় ওভার বোলিং করার সময় বেন ডুয়ারশুয়িসের একটি শট আটকানোর চেষ্টা করেছিলেন জ্যাকস। এসময় বলটি সজোরে তার বোলিং হাতে আঘাত করে। এতে তার হাতের তালুর চামড়া ফেটে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। যন্ত্রণায় কাতর জ্যাকসকে তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় এবং দলের ফিজিও এসে তার প্রাথমিক চিকিৎসা করেন।
জ্যাকসের এই ইনজুরিটি ছিল ম্যাচের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে। সেই সময় অস্ট্রেলিয়ার জয়ের জন্য ৮ বলে ১২ রানের প্রয়োজন ছিল। জ্যাকসের বাকি দুটি বল করেন হেনরি ক্রোকম্ব। শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য ১১ রান দরকার ছিল, কিন্তু স্যাম কারান তা আটকাতে ব্যর্থ হন। পেনাল্টিমেট বা শেষ হওয়ার আগের বলে জ্যাক এডওয়ার্ডস চার মারলে অস্ট্রেলিয়া তিন উইকেটে জয় তুলে নেয়। এটি ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ১৮৮ রান তাড়া করে জেতার রেকর্ড। এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার (২৪ নভেম্বর) কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত হবে।






















