মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অভিযোগ করেছেন যে, ইরানকে ঘিরে বর্তমান সংঘাতের পেছনে মূল কারণ হলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘প্রাথমিক আগ্রাসন’। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত কীভাবে শুরু হয়েছে তা স্বীকার করতে অনেক দেশই অনিচ্ছুক। তার মতে, প্রকৃত কারণ এড়িয়ে গিয়ে শুধু পরবর্তী হামলার নিন্দা জানানো সমস্যার পূর্ণাঙ্গ সমাধান নয়।
আনোয়ার ইব্রাহিম বলেন, সহিংসতা যে পক্ষ থেকেই আসুক না কেন, তা বন্ধ করা জরুরি। তবে শান্তির পথে যাওয়ার জন্য সহিংসতা বন্ধের পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল কিংবা ইরান—যে পক্ষের সহিংসতাই হোক, তা বন্ধের পক্ষে তিনি। তবে শত্রুতা বন্ধের আলোচনার আগে সংঘাতের কারণ এবং প্রথম কারা শক্তি প্রয়োগ করেছে, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তার ভাষায়, একটি দেশের বিরুদ্ধে ‘অযৌক্তিক আগ্রাসন’ থেকেই এই সংঘাতের সূত্রপাত হয়েছে।
ফিলিস্তিন ও গাজা পরিস্থিতি নিয়েও একই ধরনের পর্যবেক্ষণ তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সংকটকে কেবল হামাসের কর্মকাণ্ড দিয়ে ব্যাখ্যা করা ভুল। তার মতে, হামাসের অস্তিত্বের বহু আগে থেকেই প্রায় ৭০ বছর ধরে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত চলে আসছে।
নয়াদিল্লির এই সম্মেলনে বিভিন্ন ব্রিকস সদস্য ও অংশীদার দেশের নেতারা উপস্থিত ছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ অন্যান্য বিশ্বনেতাদের স্বাগত জানান।
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৪
আনোয়ার ইব্রাহিম বলেন, হামাসের বয়স ২০ বা ৩০ বছর হলেও ফিলিস্তিনের সংঘাতের ইতিহাস প্রায় ৭০ বছরের। ফলে গাজা বা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিকে শুধু হামাসের কর্মকাণ্ডের ফল হিসেবে দেখা ঠিক নয়।





























