লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের আল-মানসুরি শহরে ইসরায়েলি হামলায় ৩০টিরও বেশি বিস্ফোরণ ঘটেছে। হামলায় বেশ কিছু বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে। ইসরায়েলি ড্রোন থেকে শহরে উচ্চমাত্রার বিস্ফোরক ভর্তি কন্টেইনার নিক্ষেপ করা হয়েছে এবং পাশাপাশি এলাকাটিতে তীব্র গোলাবর্ষণও চালানো হয়েছে।
ইসরায়েল সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো টায়ার, নাবাতিয়াহ, বিনত জুবাইল এবং মারজায়ুন জেলায় হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে ধারাবাহিক বিস্ফোরণ ও গোলাবর্ষণ করেছে। খিয়াম শহরে শক্তিশালী এক বিস্ফোরণের ফলে পার্শ্ববর্তী শহরগুলোর বাড়িঘরের জানালা ভেঙে পড়েছে। সেখানেও একটি ড্রোন থেকে বাড়িঘরের ওপর বিস্ফোরক ফেলা হয়েছে, যা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শনিবারের এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, গোলাবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যা আবাসিক এলাকা, ঘরবাড়ি, একটি স্কুল এবং স্থানীয় অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় প্রায় ৪,৪০০ জন নিহত এবং ১২,৫০০ জন আহত হয়েছেন।





























