সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল (সাবেক) মতিউর রহমান। এছাড়া জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে চড়ে চট্টগ্রামে গিয়েছিলেন বলেও তিনি স্বীকার করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ বিষয়ে সোমবার আবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসিকিউটর তানভীর হাসান জোহার বরাতে জানা গেছে, ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর আগে ওই বছরের ২৮ মে তৎকালীন সেনাপ্রধান এরশাদ হেলিকপ্টারযোগে চট্টগ্রামে গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মোজাফফর।
মোজাফফর হোসেন বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার রয়েছেন। গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল তাকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। এর আগে, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।



























