প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৫০
চট্টগ্রামে নারী যাত্রীদের জন্য চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সার্ভিসটি উদ্বোধনের এক মাস না পেরোতেই নানা সংকটে পড়েছে। নির্ধারিত রুট না মানা, নারী চালকের পরিবর্তে পুরুষ চালক দিয়ে বাস চালানো, সাধারণ পুরুষ যাত্রী ও শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া এবং কর্মজীবী নারীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার মতো একাধিক অভিযোগে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিআরটিসির এই সেবা। গত ১৮ আগস্ট নগরের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে দুটি বাসের চলাচল উদ্বোধন করা হয়েছিল।
রুট পরিকল্পনা অনুযায়ী, ৭৫ আসনের একটি দোতলা বাস কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত ২৭ কিলোমিটার এবং ৪৫ আসনের একটি একতলা বাস বালুছড়ার নতুনপাড়া থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচলের কথা রয়েছে। এই দূরত্বে কিলোমিটারভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ৬৮ টাকা। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, বাস দুটি নির্ধারিত গন্তব্যে না গিয়ে শেষ স্টেশনের আগেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে পোশাক কারখানা অধ্যুষিত সিইপিজেড এলাকাটি নির্ধারিত রুটের অন্তর্ভুক্ত হলেও সেখানে বাস দুটিকে যাতায়াত করতে দেখা যায় না। ফলে কর্মজীবী নারীরা আগের মতোই সাধারণ গণপরিবহন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ৭৫ আসনের দোতলা বাসটি কালুরঘাটের প্রায় দুই কিলোমিটার আগেই একটি মাদরাসার সামনে থেকে নিয়মিত শিক্ষার্থী তুলছে। বাসে নারী যাত্রীদের তুলনায় পুরুষ ও শিক্ষার্থীদের সংখ্যাই বেশি দেখা গেছে। এমনকি চালকের আসনে নারী থাকার কথা থাকলেও সেখানে পুরুষ চালক দায়িত্ব পালন করছেন, আর নিয়োগপ্রাপ্ত নারী চালকরা পেছনের আসনে বসে থাকছেন। বাসের সুপারভাইজার শীলা আক্তার অবশ্য দাবি করেছেন, শহরে নারী যাত্রীর সংকট থাকায় তারা মাদরাসা শিক্ষার্থীদের তোলেন। তবে এর কিছুক্ষণ পরই নগরের ২ নম্বর গেট এলাকা থেকে বাসে পুরুষ যাত্রী তুলতে দেখা যায়।
বাসের পুরুষ চালক রাজু শেখ জানান, নারী চালকরা এখনো পুরোপুরি দক্ষ না হওয়ায় বিআরটিসি তাকে দায়িত্ব দিয়েছে। তিনি সব সময় বাস চালান না, প্রয়োজন হলে চালান। অন্যদিকে দোতলা বাসের নারী চালক সুস্মিতা রানী বলেন, যানবাহনের অতিরিক্ত চাপ থাকলে তারা চালাতে পারেন না বলে সহযোগিতার জন্য পুরুষ চালক রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা দায়িত্ব পালন করেন এবং রাতে এই বাস চলে না। বিআরটিসি সূত্রে জানা গেছে, দোতলা বাসটিতে প্রতিদিন প্রায় ২৫ লিটার ডিজেল প্রয়োজন হয়। জ্বালানি, চারজন কর্মীর খাবার ও অন্যান্য পরিচালন ব্যয় মিলিয়ে বর্তমানে বাস দুটি লোকসানের মুখে পড়েছে।
এদিকে নারী চালক নিয়োগ ও ভারী লাইসেন্স প্রদান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পরিবহন শ্রমিকরা। বাসচালক শহীদুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০১৭ সালে হালকা লাইসেন্স পেলেও ১০ বছরেও ভারী লাইসেন্স পাননি এবং বিআরটিএ তার আবেদন নেয়নি। অথচ নারী চালকরা মাত্র তিন মাসের প্রশিক্ষণেই ভারী লাইসেন্স পেয়ে গেছেন, যা স্পষ্ট বৈষম্য। কালুরঘাট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আবছার বলেন, অদক্ষ চালকদের কারণে পিংক বাস প্রায়ই দুর্ঘটনায় পড়ছে এবং গত এক সপ্তাহে তারা পাঁচটি দুর্ঘটনার তথ্য পেয়েছেন। এত কম সময়ের প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে ৭৫ জন যাত্রীর নিরাপত্তা তুলে দেওয়া ঠিক হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন জানান, জেলা প্রশাসন বাস সার্ভিসটি উদ্বোধন করলেও এটি পরিচালনা করছে বিআরটিসি। তাই অনিয়মের বিষয়ে ওরাই ভালো বলতে পারবে। বিআরটিসি চট্টগ্রাম বাস ডিপোর অপারেশন ম্যানেজার কামরুজ্জামান বলেন, নারী চালকদের বাড়ি চট্টগ্রামে না হওয়ায় তারা রাস্তাঘাট ভালো চেনেন না। তাই সহায়তার জন্য পুরুষ চালক রাখা হয়েছে। তারা দক্ষ হলে পুরুষ চালকদের সরিয়ে নেওয়া হবে। তবে পুরুষ যাত্রী তোলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ছাত্রীরা চাইলে বাসে উঠতে পারবে। লোকসানের বিষয়টি তার জানা নেই উল্লেখ করে তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বাস দুটি পরিচালিত হবে।



























