ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ চালুর বিষয়ে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে একটি চুক্তি সই হবে। এই গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়টি আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনকেও আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, সোমবার মাসকাটে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ইরান ও ওমানের মধ্যে যৌথ নৌপথ প্রতিষ্ঠার চুক্তিটি স্বাক্ষরিত হবে। তিনি আরও উল্লেখ করেন যে, যেসব দেশের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র অতীতে ইরানে হামলা চালিয়েছে, সেসব দেশও এই বৈঠকে অংশ নেবে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও সামরিক কৌশল নিয়ে কথা বলার সময় পেজেশকিয়ান মন্তব্য করেন যে, সামরিকভাবে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, এতে ইরান কোনোভাবেই থেমে থাকবে না। এছাড়া ইরানের টিকে থাকা পুরোপুরি সমুদ্রপথের ওপর নির্ভরশীল নয় বলেও তিনি দাবি করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অবরোধ ও হামলা বন্ধ হলে ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেবে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শুক্রবার জানিয়েছিলেন, সোমবার ওমান আটটি উপসাগরীয় দেশকে নিয়ে একটি আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। সেই বৈঠকে আঞ্চলিক বিভিন্ন ইস্যুর পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণের বিষয়ে ইরান-ওমান আলোচনার ফলাফল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।





























