আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে এগোচ্ছে ১১ দলীয় জোটের প্রধান দুই শরিক জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে এবার পৃথকভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দল দুটি। এই সিদ্ধান্তের ফলে জাতীয় নির্বাচনকে ঘিরে জামায়াতের নেতৃত্বে গড়ে ওঠা নির্বাচনী ঐক্যের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কৌশলগত দূরত্ব তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে, জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার কয়েক মাস পর গত ২৫শে জুলাই ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যায় খেলাফত মজলিস।
জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, স্থানীয় নির্বাচন স্থানীয়ভাবেই পরিচালনার নীতিতে ১৩টি সিটি করপোরেশনেই একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে দলটির প্রায় সব সিটিতে প্রার্থী বাছাইয়ের কাজ শেষ হয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা উত্তরে মেয়র পদে জামায়াতের প্রার্থী হিসেবে মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে ঘোষণা করেছে দলটি। এছাড়া ১১ই আগস্ট রাজশাহী সিটিতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ সিটিতে মোহাম্মদ আবদুল জব্বার, গাজীপুর সিটিতে ড. মুহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম সিটিতে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বরিশাল সিটিতে মুয়াযযম হোসাইন হেলাল এবং রংপুর সিটিতে এটিএম আজম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। খুলনা সিটিতে মাহফুজুর রহমান এবং বগুড়ায় আ.খ.ম. আব্দুল মালেককে দল থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না হলেও মোসলেহ উদ্দিন, মাওলানা লোকমান আহমদ ও অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের নাম চূড়ান্ত বলে জানা গেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক জায়গায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, শীর্ষ নেতাদের মধ্যে সমঝোতা হয়েছে যে স্থানীয় নির্বাচনে কোনো জোটগত প্রার্থী থাকবে না, প্রতিটি দল নিজস্ব প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
একই পথে হাঁটছে এনসিপি। ঢাকার দুই সিটিতে দলটি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। উত্তরে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থী হিসেবে লড়বেন। প্রস্তুতির অংশ হিসেবে তারা নিজেদের ভোটার এলাকাও পরিবর্তন করেছেন। এছাড়া কুমিল্লায় তরিকুল ইসলাম, সিলেটে আব্দুর রহমান আফজাল এবং রাজশাহীতে মো. মোবাশ্বের আলীকে প্রার্থী করেছে এনসিপি। এনসিপির মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার জানান, এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া ছিল এবং এতে জোটে কোনো টানাপড়েনের সম্ভাবনা নেই।




























