আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বাইরামভ জানিয়েছেন যে, তুরস্কের সাথে তার দেশ আগামী কয়েক দশকের জন্য নতুন নতুন প্রকল্প বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করছে। মঙ্গলবার বাকুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বাইরামভ বলেন, উভয় দেশ ঐতিহাসিকভাবে কৌশলগত গুরুত্বসম্পন্ন খাতগুলোতে নতুন প্রকল্প নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাকু-তিলিসি-সেহান পাইপলাইন এবং সাউদার্ন গ্যাস করিডোর প্রকল্পগুলো আজারবাইজান, তুরস্ক এবং বৃহত্তর ভৌগোলিক অঞ্চলের জ্বালানি নিরাপত্তায় ব্যাপক অবদান রাখছে। বাইরামভ আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এমন কিছু প্রকল্পের কাজ চলছে, যেগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
বিকল্প জ্বালানি বা গ্রিন এনার্জি খাতের উদ্যোগগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, আজারবাইজানে উৎপাদিত পরিবেশবান্ধব বিদ্যুৎ কৃষ্ণ সাগর হয়ে ইউরোপে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এছাড়া আজারবাইজানের নাখচিভান অঞ্চলের সাথে তুরস্ককে সরাসরি যুক্ত করতে একটি নতুন বিদ্যুৎ ক্যাবল স্থাপনের কাজও চলছে। এই প্রকল্পগুলো কেবল আজারবাইজান ও তুরস্কের জন্য নয়, বরং ইউরোপের বাজারেও বিকল্প জ্বালানি সরবরাহের নতুন পথ উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটস (ওটিএস)-এর মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্মে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আগামী মাসে তুরস্কে ওটিএস-এর সম্মেলন অনুষ্ঠিত হবে, যার প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া আজারবাইজান কপ-২৯ প্রেসিডেন্সি হিসেবে কপ-৩১ আয়োজক তুরস্ককে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে।
আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে বাইরামভ বলেন, আজারবাইজানে নতুন পরিবহন অবকাঠামো নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর মধ্যে মূল ভূখণ্ড থেকে আর্মেনিয়া সীমান্ত পর্যন্ত মহাসড়কের প্রায় ৯৫ শতাংশ এবং রেলপথ নির্মাণের প্রায় ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নাখচিভানে রেল যোগাযোগ পুনঃস্থাপনের কাজও শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, আর্মেনিয়ার মধ্য দিয়ে যাওয়া ৪২ কিলোমিটার দীর্ঘ ‘ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি’ (টিআরআইপিপি) বা টিআরআইপিপি প্রকল্প নিয়ে ইয়েরেভান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনা চলছে। এই অংশটি পূর্ণ হলে তুরস্ক ও আজারবাইজানের মধ্য দিয়ে ইউরোপ থেকে মধ্য এশিয়া পর্যন্ত একটি নতুন পরিবহন করিডোর তৈরি হবে।





























