প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৩৫। ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রবেশমুখে অবস্থিত বোরহানউদ্দিন অডিটোরিয়ামটি বর্তমানে চরম অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। এক সময়ের প্রাণবন্ত এই স্থাপনাটি এখন অনেকটা ভুতুড়ে ঘরে পরিণত হয়েছে এবং যেকোনো সময় এটি ধসে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
২০০৯-১০ অর্থবছরে ভোলা জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই অডিটোরিয়ামটি নির্মাণ করা হয়েছিল। এরপর ২২ জুন একই বছর অত্যাধুনিক ও মূল্যবান সব সামগ্রী দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ২০১৮ সালের আগ পর্যন্ত ৬০০ আসনের এই অডিটোরিয়ামটি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও সংস্থার সভা-সেমিনারে মুখর থাকত। তবে নির্মাণের পর থেকে বড় ধরনের কোনো সংস্কার কাজ না হওয়ায় ধীরে ধীরে এর ব্যবস্থাপনা ভেঙে পড়ে এবং সরঞ্জামগুলো নষ্ট হয়ে যায়।
সাংস্কৃতিক কর্মী রাজীব রতন দে বলেন, অডিটোরিয়ামটি পুনরায় চালু হলে সাংস্কৃতিক অঙ্গন আবারও চাঙ্গা হয়ে উঠবে। জরাজীর্ণ এই স্থাপনাটি পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে প্রাণোচ্ছল করে তোলার দাবি জানান তিনি। স্থানীয় জনগণ, সাংস্কৃতিক কর্মী এবং কলেজের শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ স্থাপনাটির এমন বেহাল দশায় গভীর হতাশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ আনোয়ার উল ইসলাম জানান, অডিটোরিয়ামটি সংস্কারের জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা কলেজ কর্তৃপক্ষের পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। তিনি সংস্কারের উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করেছেন এবং ভোলা-২ আসনের সংসদ সদস্যের সঙ্গেও আলোচনা করেছেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন জানিয়েছেন, অডিটোরিয়ামটি সংস্কারের জন্য জেলা পর্যায়ে আবেদন পাঠানো হয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয় থেকে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়া মাত্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সংস্কার কাজ শুরু করা হবে।



























