মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট ব্যাপক ধ্বংসযজ্ঞের নতুন কিছু ছবি সিবিএস নিউজের হাতে এসেছে। পরিচয় গোপন রাখার শর্তে সক্রিয় সামরিক সদস্যরা এই ছবিগুলো পাঠিয়েছেন, কারণ সামরিক বাহিনীর ভেতরে কঠোর মিডিয়া বিধিনিষেধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা সদস্য জানান, এসব ঘাঁটির ক্ষয়ক্ষতির বিষয়টি আমেরিকান জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি। তিনি আরও বলেন, আমরা কেবল দাঁড়িয়ে দেখছি কীভাবে আমাদের ঘাঁটিগুলো ধ্বংস করা হচ্ছে, অথচ আমাদের যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটির একটি ছবিতে দেখা যায়, বোয়িং ই-৩ সেন্ট্রি বিমানের পেছনের অংশ সরাসরি আঘাতের শিকার হয়েছে। এতে বিমানের লেজ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাডার সিস্টেমসহ মূল কাঠামোটি পুড়ে ছাই হয়ে গেছে। একই ঘাঁটির অন্য ছবিতে দেখা যায়, ব্যারাক ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অথচ এর পাশেই থাকা সিমেন্টের 'টি-ওয়াল' বা প্রতিরক্ষা দেয়ালগুলো অক্ষত রয়েছে, যা আগে গ্রেনেড বা মর্টারের বিরুদ্ধে কার্যকর মনে করা হলেও আকাশপথে হামলার ক্ষেত্রে ব্যর্থ প্রমাণিত হয়েছে।
কুয়েতের ক্যাম্প বুয়েহিংয়েও একই ধরনের ধ্বংসাত্মক চিত্র দেখা গেছে। এই ঘাঁটিটি মার্কিন সেনাবাহিনীর স্থলবাহিনী, সাঁজোয়া যান এবং কিছু বিমানের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। কুয়েত সিটির উত্তর-পশ্চিমে মরুভূমি অঞ্চলে অবস্থিত এই ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
চলতি সপ্তাহে প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের সাথে চলমান যুদ্ধে প্রায় ৩.৭ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারানোর কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রায় ৬০টি বিমান রয়েছে। কংগ্রেসে দাখিল করা এই বাধ্যতামূলক প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরাক, ওমান এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা হয়েছে।
উল্লেখ্য, গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার পর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যে মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতে সেনা সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এসব হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা স্পষ্ট। পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
September 15, 2026 / 5:14 PM EDT / CBS News





























