চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি তৎকালীন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের একক সিদ্ধান্তে নেওয়া হয়েছিল। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত ২২ পৃষ্ঠার এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপের ওই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল, তার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে।
তদন্ত কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ফয়সাল দস্তগীর নিশ্চিত করেছেন যে, প্রতিবেদনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে এককভাবে ওই সিদ্ধান্তের জন্য দায়ী করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তটি কোনো সম্মিলিত আলোচনা বা পরামর্শের ভিত্তিতে নেওয়া হয়নি। এমনকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি অন্য কারও মতামত নেওয়ার প্রয়োজনও মনে করেননি। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকেও তিনি কেবল নিজের নেওয়া সিদ্ধান্তটিই তাদের জানিয়েছিলেন।
তদন্ত কমিটি মনে করে, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একক কোনো ব্যক্তির ইচ্ছায় নেওয়া উচিত নয়। এর পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে ক্রিকেটারদের ভবিষ্যৎ ও দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রশাসনিক বা কূটনৈতিক সিদ্ধান্তের কারণে যেন ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটাররা বিশ্বমঞ্চে খেলার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি।
তবে বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আসিফ নজরুলের অবস্থানে ভিন্নতা লক্ষ্য করা গেছে। গত ১০ ফেব্রুয়ারি বিসিবির একটি অনুষ্ঠানে তিনি দাবি করেছিলেন, এই সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রাই নিয়েছেন। সে সময় তিনি একে একটি 'অনুকরণীয় দৃষ্টান্ত' হিসেবে অভিহিত করেছিলেন। অথচ এর আগে ২২ জানুয়ারি তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, নিরাপত্তা ঝুঁকির কারণে বাংলাদেশ সরকারই ক্রিকেটারদের ভারতে পাঠাচ্ছে না। মাত্র তিন সপ্তাহের ব্যবধানে নিজের অবস্থান পরিবর্তন করে সিদ্ধান্তের দায় বোর্ড ও ক্রিকেটারদের ওপর চাপিয়ে দেওয়ার বিষয়টিও তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।
উল্লেখ্য, চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ হওয়ার কথা ছিল। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালে তা প্রত্যাখ্যাত হয়। এরপরই সরকার দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা বিসিবি মেনে নিতে বাধ্য হয়।




























